দ্য ওয়াল ব্যুরো : ছোটবেলা ইন্দোনেশিয়ায় কাটিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্মৃতিকথায় তিনি লিখেছেন, ভারতের জন্য বরাবর আমার হৃদয়ে বিশেষ স্থান আছে। আমি ছোটবেলা থেকে রামায়ণ, মহাভারতের গল্প শুনে বড় হয়েছি। ওবামার আত্মজীবনীর নাম 'এ প্রমিসড ল্যান্ড'। তাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ভারতের আয়তন বিশাল। সেখানে বিশ্বের এক ষষ্ঠাংশ মানুষ বাস করেন। সেই দেশে প্রায় দু'হাজার জনজাতি বাস করে। ৭০০-র বেশি ভাষায় মানুষ কথা বলে।
ওবামা লিখেছেন, প্রেসিডেন্ট হওয়ার পরে ২০১০ সালে তিনি প্রথম ভারত সফরে আসেন। তার আগে ভারত দেশটা নিয়ে তিনি নানারকম কল্পনা করতেন। তাঁর লেখায় আছে, "আমি রামায়ণ, মহাভারতের গল্প শুনে বড় হয়েছি। প্রাচ্যের বিভিন্ন দেশ সম্পর্কে আমার কৌতুহল আছে। কলেজে ভারত ও পাকিস্তানের কয়েকজন ছাত্র আমার সহপাঠী ছিল। তারা আমাকে রাঁধতে শিখিয়েছিল ডাল আর কিমা। তাদের জন্যই আমি বলিউডের ছবি দেখতে শুরু করি।"
এর আগে জানা যায়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে স্মৃতিকথায় নানা মন্তব্য করেছেন ওবামা। তা নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়।
তাঁর মতে, "রাহুল গান্ধী খুব নার্ভাস। রাজনীতির বিষয়ে তাঁর প্যাশনও নেই।" প্রাক্তন কংগ্রেস সভাপতি সম্পর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, "কিছু ছাত্র থাকেন যাঁরা উল্টোদিকের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু পারদর্শীতার অভাবে তা পারেন না। রাহুল গান্ধীও খানিকটা তেমন।"
এমনিতে রাহুল গান্ধীর সিরিয়াসনেস নিয়ে কম সমালোচনা হয়নি। অতীতে বহুবার দেখা গিয়েছে, গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট হচ্ছে আর রাহুল তখন বিদেশে ছুটি কাটাচ্ছেন। এ নিয়ে কংগ্রেসের অনেক নেতাই আড়ালে আবডালে অসন্তোষ প্রকাশ করেন। এবার সেই কথাই উঠে এল ওবামার কলমে।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কেও মূল্যায়ন করেছেন ওবামা। ২০০৯ থেকে ১৭ পর্যন্ত তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সেই সময়ে তাঁর প্রথম পাঁচ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। অর্থনীতির এই পণ্ডিত সম্পর্কে ওবামা লিখেছেন, মনমোহন সিং একজন অত্যন্ত নিষ্ঠাবান মানুষ।
নিজের বইয়ে ঠারেঠোরে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ওবামা। লিখেছেন, পুতিনকে দেখলে আমার শিকাগো শহরের স্ট্রিট স্মার্টদের কথা মনে পড়ে! স্ট্রিট স্মার্ট ব্যাপারটা কী? মার্কিন যুক্তরাষ্ট্রে একধরনের যুবক আছে যারা খুব স্মার্ট। ভাল পোশাক, স্টাইলিশ হাবভাব নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। দেখে মনে হয় অনেক কিছু করবেন। কিন্তু আসলে তাঁরা কিছু করেই উঠতে পারেন না। এদের নিয়ে সিনেমাও তৈরি হয়েছে আমেরিকায়। স্ক্যাটজবার্গ পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন ক্রিস্টোফার রিভ, মরগান ফ্রিম্যান এবং ক্যাথি বাক।