সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, ওই বৈঠকেই নাম না করে মমতা দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভারকে নিয়ে বলেন, একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে।

স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 December 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR) শুরু হওয়ার অনেক আগে থেকেই বিএলওদের (BLO) বরাভয় দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক একই ভাবে পয়লা ডিসেম্বর জেলা শাসক(DM), মহকুমা শাসক (SDO) ও বিডিওদেরও (BDO) আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর-এর জন্য তাদের উপর দিয়ে যে চাপ যাচ্ছে, তা তিনি বুঝতে পারছেন। দ্য ওয়ালে সেই খবর আগেই লেখা হয়েছিল।
সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, ওই বৈঠকেই নাম না করে মমতা দিল্লির নিয়োগ করা স্পেশ্যাল অবজার্ভারকে নিয়ে বলেন, একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে। ভয় দেখাচ্ছে, বিরক্ত করছে। রাত ৯ টা বা ১০ টায় ফোন করে ভয় দেখাচ্ছে। বলছে, দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব। ভয় পাবেন না আমি আছি। কিচ্ছু ভাববেন না। আপনারা আপনাদের কাজ করে যান।"
মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যেরই প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্ত। একদা রাজ্যের শীর্ষ আমলা বলেন, "মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পদে আছেন। তাঁর কথার কোনও উত্তর আমি দেব না।" এরপরই প্রাক্তন এই আইএসএস অফিসার বলেন, কোভিড বা ইলেকশনের কাজে নির্দিষ্ট সময় বলে কিছু হয় কি?" কমিশনের আধিকারিকদের মতে, সুব্রতবাবুর এই কথাই বলে দিচ্ছে যে তিনি প্রয়োজন মনে করলে ফোন করে তথ্য চাইতেই পারেন এবং চাইবেনও।
চলতি এসআইআর প্রক্রিয়ার সময়ে হঠাৎ করে সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার করে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে রাজ্যের আরও ১২ জন সিনিয়র আইএএস অফিসারকে ইলেকটোরাল রোল অবজার্ভার হিসাবে নিয়োগ করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর রোববার দক্ষিণ ২৪ পরগনা জেলা সফর করেছিলেন সুব্রত গুপ্ত। সোম ও মঙ্গলবার কমিশনের দফতরে বিভিন্ন মিটিং করার পর আগামিকাল অর্থাৎ বুধবার তিনি যাচ্ছেন পুর্ব বর্ধমান জেলায়। সেখানে বিএলও, ইআরও, ডিইও সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারীর বিএলও-দের হুমকি নিয়ে করা পোস্টের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এদিনই বিকেলে সিইও দফতরে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত-সহ কমিশনের আধিকারিকেরা।