নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আজও। কোন জেলায় কতটা বৃষ্টি হবে এবং কোথায় ঝোড়ো বাতাস বইবে, পড়ুন বিস্তারিত।

আবহাওয়া
শেষ আপডেট: 31 August 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপ ছত্তীসগড়ে দুর্বল হলেও এর প্রভাবে আজও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন বাংলা থেকে অনেকটা দূরে, যা ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃত। ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী ও দক্ষিণ-পূর্বের হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার কারণে বৃষ্টি হচ্ছে।
আজ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
আজ উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা ও দিনাজপুরে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
আবহাওয়া দফতর বলছে, সোমবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং দু-এক পশলা বৃষ্টিতে শহর ভিজতে পারে।