
সৌমিত্র খাঁ
শেষ আপডেট: 16 June 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ভোট মিটতেই বালি চুরি নিয়ে সরব হলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, বালিখাদগুলিতে বিরাট দুর্নীতি চক্র চলছে। খণ্ডঘোষ, ইন্দাস ও পাত্রসায়ের এলাকায় অবৈধভাবে বালি তোলা চলছে এখনও। কয়েকদিন আগেই বিষ্ণুপুরের সাংসদ গলসিতে দলীয় বৈঠকে যোগ দেন। বর্ধমান সফরের পরে তিনি শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন।
সৌমিত্রবাবুর অভিযোগ, যতটা গভীরে গিয়ে বালি তোলা উচিত, তার চেয়ে বেশি গভীরে গিয়ে তোলা হচ্ছে। তাতে আশেপাশের এলাকাগুলিতে সেচের জল পাওয়া যাচ্ছে না। এলাকার টিউবওয়েল বা কুয়োয় জল নেই। একই সঙ্গে অনেক টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। তাই এই বিষয়টি তিনি আদালতে নিয়ে যাবেন ও ইডির তদন্তের দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
তাঁর অভিযোগ, ঝাড়খণ্ডের একটি চক্র এই কাজ করছে। স্থানীয় লোকেরা বালি পাচ্ছেন না। অথচ বাইরে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ডিএম, এসপিরা খাদানগুলিতে বালির এমন লুঠ চালাতে দিচ্ছেন। এই সবে্র পিছনে রাজ্যের শাসকদলের উঁচুস্তরের নেতাদের ইন্ধন রয়েছে বলেই তাঁর দাবি।
তবে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু। তাঁর কথায়, "অভিযোগ করলেই তো হয় না। সাংসদের মাথার ঠিক নেই। এই সব ভারসাম্যহীন কথা বলে লাভ নেই। এটা দেখার জন্য প্রশাসন আছে। বেনিয়ম হলে তাঁরা দেখবেন। উনি কি বালির ভাগ চাইছেন? কোর্টে উনি যেতেই পারেন। মানুষ তো ওদের প্রত্যাখান করেছে।"