
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 11 April 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী..., নিজের জন্মদাত্রী সেই মাকেই নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে রাজারহাটের (Rajarhat) বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের ঘটনা। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তবে আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, কাজ হারিয়ে দিনের পর দিন বেকারত্বের জ্বালা থেকে মানসিক অবসাদে ভুগছিলেন সৌমিক মজুমদার। সেই কারণেই তিনি নিজের মা দেবযানী মজুমদারকে (৫৮) হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে সংশ্লিষ্ট আবাসনে রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ সূত্রের খবর, গলায় ছুরি চালিয়ে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করেছে সৌমিক। এমনকী পরে পুলিশি জেরায় সে নিজে সেকথা স্বীকারও করেছে বলে সূত্রের দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌমিকই তাঁদের ডেকে মাকে খুন করার খবর দেন। তাঁরা গিয়ে দেখেন, গোটা ঘর রীতিমতো রক্তে ভেসে যাচ্ছে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে পাঠিয়েছে।