
শেষ আপডেট: 8 February 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: শ্বশুরবাড়ি থেকে কোটি টাকার নগদ অর্থ এবং গয়না চুরির অভিযোগে জামাইকে গ্রেফতার করল পুলিশ। কলকাতার হেস্টিংস থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাঘব শরাফ। শেক্সপিয়র সরণি এলাকায় তাঁর একটি মিষ্টির দোকানও রয়েছে। সম্প্রতি শ্বশুরবাড়িতে রাতে ছিলেন তিনি। অভিযোগ, তারপরেই শ্বশুরবাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকার গয়না এবং নগদ ৪ লক্ষ টাকা চুরি হয়।
চুরির ঘটনায় পুলিশে অভিযোগ জানান ওই বাড়ির মালকিন। এরপরই বাড়ি এবং আশেপাশের সিসিটিভি ফুটেজে চোখ রেখে পুলিশ জানতে পারে, চোর আর কেউ নন, স্বয়ং বাড়ির জামাই!
জামাই রাঘবকে জেরা করে তাঁর মিষ্টির দোকানের এক কর্মচারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চুরির অর্থ এবং গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে এলাকায়। পুলিশ অবশ্য বলছে, চুরির অভিযোগে জামাই গ্রেফতারের ঘটনা এই প্রথম নয়। তবে এরকম নজিরও রয়েছে, যে শ্যালকের উপকার করতে গিয়ে জামাইকে শ্রীঘরে যেতে হয়েছে।
গত বছরের ২৫মে জামাইষষ্ঠীর দিন যেমনটা ঘটেছিল হুগলির চুঁচড়ার কাপাসাডাঙায়। পুলিশ সূত্রের খবর, বাড়িতে বেআইনি বাজি মজুত রাখার অভিযোগে বাড়ির মালিক প্রণব দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে ধৃত পুলিশের কাছে দাবি করে, তাঁর শ্যালকের বাজির কারখানা রয়েছে। স্থানাভাবে তাঁর বাড়িতে বাজি পাঠিয়েছিল শ্যালক।