
শেষ আপডেট: 16 February 2023 06:07
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে (Tamil Nadu) ডিএমকে কাউন্সিলরের (DMK Councillor) নেতৃত্বে বেধড়ক মারধরের প্রায় এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু (death) হল এক ভারতীয় সেনার (Soldier)। এদিকে এখন সে রাজ্যে ক্ষমতায় রয়েছে ডিএমকে-ই। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।
জানা গেছে, মৃত জওয়ানের নাম প্রভু। তিনি জম্মু ও কাশ্মীরেও পোস্টেড ছিলেন। অভিযোগ, কিছুদিন আগে কৃষ্ণগিরি জেলার একটি পাবলিক ট্যাঙ্কে কাপড় ধোয়া নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এরপরেই ডিএমকে কাউন্সিলর চিন্নাস্বামী এবং আরও আটজন তাঁকে ধরে বেধড়ক পেটান। এই ঘটনার পরই বিরোধীদল এআইএডিএমকে তীব্র বিরোধিতা শুরু করেছে।
সূত্রের খবর, গত ৮ ফেব্রুয়ারি কাপড় ধোয়া নিয়ে ঝামেলার পর সেদিন রাতে চিন্নাস্বামীর নেতৃত্বে মোট নয়জন প্রভু এবং তাঁর ভাই প্রভাকরণের উপর হামলা চালায় বলে অভিযোগ। গত এক সপ্তাহ গুরুতর জখম হয়ে হাসপাতালেই ভর্তি ছিলেন প্রভু। চিকিৎসকরাও তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই জওয়ান।
এদিকে সেনা মৃত্যু প্রসঙ্গে এআইএডিএমকে মুখপাত্র কোভাই সাথিয়ান ক্ষোভ উগরে জানিয়েছেন, “শাসকদলের নেতার নেতৃত্বে সেনাকে খুন হতে হচ্ছে মানে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। যদিও এরপরই প্রভুর ভাই প্রভাকরণের অভিযোগের ভিত্তিতে পুলিশ চিন্নাস্বামীর ছেলে রাজাপান্ডি-সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। পলাতক সেই অভিযুক্ত ডিএমকে কাউন্সিলর। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ত্রিপুরায় শুরু নির্বাচন, আসন ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির, রাজ্যপাট ফেরাতে মরিয়া বামেরাও