মৃত দম্পতির নাম শেখর সামন্ত (৬৫) মনিকা সামন্ত (৫৭)। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে ছিলেন তাঁরা।

বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ
শেষ আপডেট: 1 June 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: ঘর থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ (Old Couple Body Found in Sodepur)। ঘটনাটি সোদপুরের নাটাগড়ে। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না! কী কারণে মৃত্যু? খুন নাকি আত্মহত্যা? বৃদ্ধ দম্পতির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।
মৃত দম্পতির নাম শেখর সামন্ত (৬৫) মনিকা সামন্ত (৫৭)। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে ছিলেন তাঁরা। পরিবারের বাকি সদস্যরা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ঘরে ঢুকলে তাঁদের ঝুলন্ত মৃতদেহ প্রথম দেখে দম্পতির ভাইপো (Old Couple Body Found)। তাঁর ডাকাডাকিতে ছুটে আসেন সকলে। জানা গিয়েছে, আর্থিক সমস্যা ছিল না। প্রৌঢ়া নার্ভের মেডিসিন খেতেন। কোনও মানসিক চাপে আত্মহত্যা নাকি ফাঁকা বাড়ির সুযোগে খুন! এখনও স্পষ্ট নয়। তবে আত্মহত্যা হলে কেন তাঁরা এই পথ বেছে নিলেন বুঝতে পারছেন না কেউই। মৃতের ভাই বলেন, 'সম্পত্তি লোভে কেউ খুন করে ওঁদের ঝুলিয়ে দিয়েছে। পুলিশের তদন্তের উপর আমাদের আস্থা আছে।'
দীর্ঘদিন ধরেই সোদপুরের (Sodepur Incident) ওই এলাকায় থাকতেন দম্পতি। ঘটনার খবর জানতে পেরে অবাক স্থানীয় বাসিন্দারা। এক প্রতিবেশি জানান, 'স্বামী-স্ত্রী দু'জনেই খুবই ভাল মানুষ ছিলেন। রাস্তায় দেখা হলে হেসে কথা বলতেন। কীভাবে হল বুঝতে পারছি না। সকালে খবর পেলাম। পারিবারিক অশান্তিও ছিল না। সকলেই মিলে-মিশে থাকতেন।'
ঘোলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই দম্পতি। এই ঘটনার পিছনে সম্পত্তি সংক্রান্ত বিবাদ আছে কী না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।