
শেষ আপডেট: 5 February 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফিল্মি কায়দায় দুর্গাপুরের রাস্তায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটল। এক ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর ৪ লক্ষ ৬৫ হাজার টাকা খোয়া গেছে।
সোমবার ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উখড়ার বাজপেয়ী মোড় সংলগ্ন এলাকায়। উখড়ার ব্যবসায়ী তাপস কুমার মণ্ডল প্রতিদিন ব্যাঙ্কে ক্যাশ টাকা জমা করতে যান। এদিনও তিনি ব্যাঙ্কেই যাচ্ছিলেন। সেই সময় তিনি ছিনতাইবাজদের খপ্পরে পড়েন।
তাপসবাবু বলেন, "প্রতিদিনই দোকানের ক্যাশ ব্যাঙ্কে জমা করতে যাই। তাই এদিনও গিয়েছিলাম। বেশি টাকা কাছে থাকে বলে ব্যাঙ্কে যাওয়ার জন্য একই রাস্তা দিয়ে যাই না।"
ওই ব্যবসায়ীর অনুমান, এদিন উখারার দোকান থেকে বেরনোর সময়েই ছিনতাইবাজরা তাঁর পিছু নিয়েছিল।
তাপসবাবু জানিয়েছেন, বাজপেয়ী মোড়ের কাছে ব্যাঙ্কের দিকে যাওয়ার জন্য একটি গলির রাস্তা রয়েছে। সেই রাস্তায় স্কুটি নিয়ে ঢুকেছিলেন তিনি। তখন ওই গলিতেই বাইক নিয়ে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে সেখান থেকে চম্পট দেয়।
ঘটনার পরেই ওই ব্যবসায়ীর চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা দেখেন, ব্যবসায়ীর চোখে লঙ্কার গুড়ো থাকায় যন্ত্রণায় ছটফট করছেন। তাঁকে সেখান থেকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁরাই ওই ব্যবসায়ীকে থানায় নিয়ে যান। ঘটনা পর থেকে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পথচারীরা ওই গলির রাস্তা ধরে হাঁটাচলা করতে ভয় পাচ্ছেন।
এদিকে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।