পুলিশের প্রাথমিক অনুমান, হাড়গোড়গুলো বহু পুরনো। তবে এগুলো কীভাবে মাটির নীচে এল বা কার কঙ্কাল, তা এখনও স্পষ্ট নয়।

মাটি খুঁড়তেই উদ্ধার নরকঙ্কাল!
শেষ আপডেট: 30 November 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: শ্রমিকরা নতুন বাড়ির জন্য ভিত কাটার কাজ করছিলেন। হঠাৎ কোদালে কিছু শক্ত বস্তুতে আঘাত লাগতেই কাজ থেমে যায়। মাটি সরাতেই দেখা যায় মানুষের মাথার খুলি। পরে আরও গভীরভাবে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে উদ্ধার হয় (Human bones recovered) বেশ কিছু হাড়গোড়। সন্ধান পাওয়া যায় একটি নরকঙ্কালের অংশবিশেষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar)।
রবিবার অশোকনগর থানার কল্যাণগড় বাজারের পাশে স্বামীজি সংঘ ক্লাবের লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও চমকে ওঠেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভিড় জমে যায় ঘটনাস্থলে।
স্থানীয়দের কথায়, এই এলাকা ঘনবসতিপূর্ণ হলেও আগে কখনও এমন ঘটনা ঘটেনি। ফলে মাথার খুলি ও কঙ্কাল কোথা থেকে এল, কত দিনের পুরনো, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন বহু বছর আগের কোনও অঘটনের চিহ্ন এটা, আবার কারও মতে, এটি অপরাধমূলক ঘটনার সঙ্গেও জড়িত হতে পারে।
খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করসহ অন্যান্য অফিসাররা। পুলিশ পুরো জায়গাটি ঘিরে ফেলে এবং সেখানে একটি পিকেট বসানো হয়, যাতে সাধারণ কেউ ঘটনাস্থানের কাছে যেতে না পারে।
পুলিশের প্রাথমিক অনুমান, হাড়গোড়গুলো বহু পুরনো। তবে এগুলো কীভাবে মাটির নীচে এল বা কার কঙ্কাল, তা এখনও স্পষ্ট নয়।
উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। কঙ্কালটি কত দিনের পুরনো, সেটি কোনও মহিলা না পুরুষের, মৃত্যুর পেছনে কোনও অপরাধমূলক কারণ রয়েছে কি না, ফরেনসিক রিপোর্ট আসলেই তার উত্তর জানা যাবে।