
এডিজি আইনশৃঙ্খলা
শেষ আপডেট: 21 April 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। এবার ওড়িশায় গা ঢাকা দেওয়া আরও দুই অভিযুক্তকে আটক করল রাজ্য পুলিশ (West Bengal Government)।
সোমবার এডিজি আইনশৃঙ্খলা (ADG Law and Order) জাভেদ শামিম জানিয়েছেন, ওড়িশায় গা ঢাকা দিয়েছিল ওই দুই অভিযুক্ত। সেখান থেকেই জাফরাবাদে বাবা-ছেলেকে খুঁজে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলেকে আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ। মোট ৬ জনকে এখনও পর্যন্ত খুনের ঘটনায় পাকড়াও করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওড়িশার ঝাড়সুগুড়া থেকে আটক করা হয়েছে আরও ১৩ জনকে। মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর থেকেই তারা সেখানে গা ঢাকা দিয়েছিলেন। যদিও শেষ রক্ষা হল না।
ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে শুক্রবার অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানকার সামশেরগঞ্জে বাড়ি থেকে বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় কালু ও দিলাবর নাদাব নামে দুই ভাইকে প্রথম গ্রেফতার করেছিল পুলিশ। পরে ধাপে ধাপে আরও চারজনকে পাকড়াও করা হয়।
ঘটনার দিন সামশেরগঞ্জে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয়। লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে তারা। সেই সময় বাবা-ছেলে বাধা দিতে গেলে, তাঁদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। দেহ দু'টি ফরাক্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে। পরিবারের তরফে অভিযোগ করা হয়, বারবার পুলিশকে ফোন করলেও কাউকে সাহায্যের জন্য ফোনে পাওয়া যায়নি।