বৃহস্পতিবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। তবে এবারে রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ নেই। সরকারের বর্তমান মেয়াদ রয়েছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 5 February 2026 13:39
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) আলোচনার প্রস্তাব ঘিরে তৈরি হল রাজনৈতিক টানাপড়েন। রাজ্যপালের ভাষণের পরই এই ইস্যুতে আলোচনার প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য—বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিধানসভায় এ নিয়ে কোনও আলোচনা সম্ভব নয়।
স্পিকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari))। তাঁর দাবি, বৃহস্পতিবার সকালেই বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএ কমিটি) বৈঠকে এসআইআর নিয়ে আলোচনার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
সভাকক্ষেই দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “অধ্যক্ষের অফিস থেকেই জানানো হয়েছিল যে আজ এসআইআর নিয়ে আলোচনা হবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েই এসেছি। এখন হঠাৎ করে বলা হচ্ছে আলোচনা হবে না। এটা কীভাবে হয়?” তবে একই সঙ্গে স্পিকারের চেয়ারের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য না করার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। তবে এবারে রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ নেই। সরকারের বর্তমান মেয়াদ রয়েছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। সেই সময়সীমার মধ্যে প্রশাসনিক খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ঠিক আগেই এসআইআর ইস্যুতে আলোচনার দাবি ঘিরে তৈরি হল এই রাজনৈতিক উত্তাপ।
এসআইআর প্রসঙ্গে তৃণমূলের আক্রমণের পটভূমি তৈরি হয়েছে বুধবারই। সুপ্রিম কোর্টে নজিরবিহীন সওয়াল করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে শুরুতেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি—
“আমি হয়তো খুব সাধারণ একজন মানুষ। আমি এখানে নিজের জন্য আসিনি, স্যার। আমি এসেছি সাধারণ মানুষের জন্য।”
এরপর একের পর এক প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের ভূমিকা ও এসআইআর সংক্রান্ত নিয়মাবলি নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই বক্তব্যে কার্যত উচ্ছ্বসিত তৃণমূল শিবির। দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর যুক্তি সাধারণ মানুষের আশঙ্কা ও প্রশ্নগুলিকেই আদালতের সামনে তুলে ধরেছে।
উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী সোমবার। তার আগে এ ব্যাপারে বিধানসভাতেও আলোচনা প্রস্তাব চেয়েছিল তৃণমূল। যদিও 'বিচারাধিন বিষয়' নিয়ে আলোচনার সম্মতি দেননি স্পিকার।