কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদেরই (Voters), যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ (Un Mapped) করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 26 December 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: ২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতিই এখন জোরকদমে চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ডাকা হবে সেই সব ভোটারদেরই (Voters), যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপিং’ (Un Mapped) করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ।
শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় ৩২৩৪টি কেন্দ্র। প্রতিটি বিধানসভা (Assembly) এলাকায় থাকছে গড়ে ১১টি করে শুনানি কেন্দ্র। মঙ্গলবার সকাল ১০টা থেকেই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশন নিযুক্ত এক জন করে মাইক্রো রোল অবজার্ভার।
এই মাইক্রো অবজার্ভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ‘দিল্লির লোক’ এনে এই পদে নিয়োগ করছে নির্বাচন কমিশন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ-দের সঙ্গে বৈঠকে মমতা বলেন, “আমি শুনেছি অনেক কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে। কারা তাঁরা, কোথায় কাজ করেন, কোথায় থাকেন— সব খোঁজ রাখতে হবে। আমরা সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত তথ্য চাই। রাজ্যকে না জানিয়ে ইচ্ছা করেই এই কাজ করছে কমিশন।”
শুনানি কোথায় হবে, সেটাও মোটামুটি চূড়ান্ত। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বিভিন্ন সরকারি দফতর ও কলেজ ভবনে শুনানি কেন্দ্র করা হবে। জেলাগুলিতে শুনানি চলবে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি দফতরগুলিতে। নির্দিষ্ট কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট জেলার ডিইও-দের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করবেন ইআরও-রা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন। কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় এই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণও দেওয়া হয়।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই মাইক্রো অবজার্ভারেরাই মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্বে থাকবেন। তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রাথমিক ভাবে অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও, সিইও দফতর স্পষ্ট করেছে, যাঁদেরই মাইক্রো অবজ়ার্ভার হিসাবে নিয়োগ করা হচ্ছে, তাঁরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বস্তুত, আনম্যাপড ভোটারের যাঁদের ডাকা হয়েছে তাঁরা যদি সিএএ (CAA) সার্টিফিকেট দাখিল করতে পারেন, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে বলে জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।