এদিকে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ঘিরে তৈরি হয়েছে আলাদা আলোচনার আবহ।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 September 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) কার্যক্রম শুরু করার আগে রাজ্যে শুরু হল চূড়ান্ত প্রস্তুতি (SIR preparations)।
কমিশনের নির্দেশ মেনে মঙ্গলবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ ভার্চুয়াল প্রশিক্ষণ পর্ব (Special virtual training for ERO-AHRO)। প্রশিক্ষণ দেবেন স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল।
সূত্রের খবর, এই ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নেবেন রাজ্যের সমস্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাডিশনাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-রা। মূলত এসআইআর প্রক্রিয়া কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, কীভাবে তথ্য যাচাই, তালিকার খুঁটিনাটি এবং অভিযোগ নিষ্পত্তি করতে হবে—এসব নিয়েই থাকছে বিস্তারিত প্রশিক্ষণ।
সোমবার এই প্রসঙ্গে রাজ্যের সিইও দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই আগামীকালকের প্রশিক্ষণের রূপরেখা চূড়ান্ত হয়। উল্লেখযোগ্যভাবে, বিহারে এসআইআর নিয়ে একাধিক অভিযোগ উঠতেই এবার আগেভাগে সচেতন হচ্ছে অন্যান্য রাজ্যগুলোও।
কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। অক্টোবরে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে অনুমান। তার আগে প্রতিটি রাজ্যে চলছে প্রস্তুতির শেষ পর্ব।
এদিকে, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ঘিরে তৈরি হয়েছে আলাদা আলোচনার আবহ। সোমবার বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, “যদি নির্বাচন কমিশনের পদ্ধতিতে কোনও অসঙ্গতি বা বেআইনি পদক্ষেপ ধরা পড়ে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।” আদালত আরও স্পষ্ট করে, কমিশন একটি সাংবিধানিক সংস্থা হিসেবে আইনের নির্ধারিত পথে চলবে বলেই আপাতত ধরা হচ্ছে।
সব মিলিয়ে, রাজ্যে এসআইআর নিয়ে সচেতনতা ও সতর্কতা—দু’টোই বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এখন দেখার, প্রশিক্ষণ শেষে কতটা দক্ষতার সঙ্গে মাঠে নামেন সংশ্লিষ্ট অফিসাররা।