সোমবারই নবান্নে মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে একদিকে যেমন কয়েকটি দফতরে নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে, তেমনি শিল্পের প্রসারে প্রায় দেড়শো একর জমি ফ্রি-হোল্ড করার সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 3 November 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাজ্য জুড়ে SIR-এর কাজে বাড়ি বাড়ি যাবেন কমিশনের (Election Commission) প্রতিনিধিরা। ফলে সোমবারের বৈঠকে জেলার মন্ত্রীদের আসতে বারণ করা হয়েছিল বলে খবর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন তিনেক আগে এক ভার্চুয়াল বৈঠকে জানিয়েছিলেন SIR-এর কাজ চলাকালীন জেলায় জেলায় ওয়ার রুম (War Room) করা হবে যে ওয়ার রুমের দায়িত্বে থাকবেন মন্ত্রী, বিধায়কেরা। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই যাতে তারা এই কাজে থাকতে পারেন সেই কারণেই জেলার মন্ত্রীদের সোমবারের বৈঠকে থাকতে বারণ করা হয়েছে।
তবে উৎসব শেষে কাজে ফিরেছে প্রশাসন। সোমবারই নবান্নে মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে একদিকে যেমন কয়েকটি দফতরে নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে, তেমনি শিল্পের প্রসারে প্রায় দেড়শো একর জমি ফ্রি-হোল্ড করার সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্প বিষয়ক মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে।
শিল্পই যে পাখির চোখ, সেটা ২০২১ এর বিধানসভা নির্বাচনে জিতে আসার পর একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করে দিয়েছেন একাধিক কমিটি। নেওয়া হয়েছে এক জানালা নীতি (Single Window), যাতে শিল্প স্থাপনে আগ্রহী সংস্থা এক জায়গাতে আবেদন করে সব রকমের ছাড়পত্র পেতে পারেন। '২১-এর নির্বাচন থেকে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। খুব বেশি হলে হয় তো আর মাস পাঁচেক বাকি। ফলে শিল্পায়নে গতি আনতে প্রায় প্রতিটা মন্ত্রিসভার বৈঠকেই কোনও না কোনও সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও নেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন ঝাড়গ্রাম জেলায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (WBIDC) হাতে থাকা প্রায় ১৪৯.৬৪ একর জমি লিজ হোল্ড থেকে ফ্রি-হোল্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের আরও খবর এই জমি দেওয়া হতে পারে এমন দুটি সংস্থাকে যার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সৌরভের নিজের সংস্থা ইতিমধ্যেই এই রাজ্যে বিনিয়োগ করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে (ইতালি) সফরকালীন সেই ঘোষণাও করেছিলেন সৌরভ। যে দুই সংস্থাকে জমি দেওয়া হচ্ছে বলে খবর সেই দুই সংস্থা হল ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ প্রাঃ লিঃ এবং আল্ট্রাটেক সিমেন্ট।
এদিকে সোমবারের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় স্তোত্র (বন্দে মাতরম)-এর সার্ধ শতবর্ষ উদযাপন কীভাবে করা যায় তার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লীনা গঙ্গোপাধ্যায়কে চেয়ারম্যান করে ও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান করে এই কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিশিষ্ট জন।