আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে দুর্দান্ত জয়ে কাপ জিতে নিয়েছে 'উইমেন ইন ব্লু'। ফাইনালে ভারতীয় দল দেখিয়েছে আত্মবিশ্বাস, দক্ষতা আর অদম্য লড়াইয়ের মনোভাব।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 November 2025 01:40
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে নিয়ে গৌরবের শিখরে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women's Cricket World Cup Final)। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর (ICC Women's World Cup Final 2025) ফাইনালে দুর্দান্ত জয়ে কাপ জিতে নিয়েছে 'উইমেন ইন ব্লু'। ফাইনালে ভারতীয় দল দেখিয়েছে আত্মবিশ্বাস, দক্ষতা আর অদম্য লড়াইয়ের মনোভাব। গোটা টুর্নামেন্ট জুড়েই তাঁদের পারফরম্যান্স ছিল অনবদ্য। এই জয়কে ঘিরে দেশজুড়ে এখন আনন্দের ঢেউ, অভিনন্দনের বন্যায় ভাসছে হরমনপ্রীতের বাহিনী। তাঁদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এক্স হ্যান্ডেলে এ ভারতীয় দলের জয়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, 'আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের দুর্দান্ত জয় সত্যিই অসাধারণ। এই সাফল্য শুধু ক্রিকেট নয়, গোটা দেশের গর্ব। আমাদের মহিলা ক্রিকেটাররা যেভাবে আত্মবিশ্বাস ও একতা দেখিয়েছে, তা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। এই জয় আমাদের সকলের।'
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
মোদী আরও লেখেন, "উইমেন ইন ব্লু-র লড়াই, দক্ষতা ও দলের ঐক্য প্রমাণ করে দিয়েছে তারা বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম। তোমরা আমাদের নায়িকা, তোমাদের এই সাফল্য ভবিষ্যতের অসংখ্য মেয়েকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।"
অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই জয়ের পর ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় আমাদের গর্বিত করেছে। মেয়েরা যেভাবে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাংলার তরফ থেকে উইমেন ইন ব্লু-কে জানাই আন্তরিক অভিনন্দন।'
Today, the entire nation is incredibly proud of our Women in Blue for their feat in the World Cup final.
The fight they showed and the command they displayed throughout the tournament will be an inspiration for generations of young girls.
You have proved that you are a…— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2025
দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা এখন উচ্ছ্বাসে মাতোয়ারা। ফাইনালের প্রতিটি মুহূর্তে যে আত্মবিশ্বাস ও লড়াইয়ের চেতনা ভারতীয় দল দেখিয়েছে, তা কেবল একটি ট্রফি নয়, এক নতুন অধ্যায়ের সূচনা। বিশেষজ্ঞদের মতে, এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।
রবিবার, নবি মুম্বইয়ের মাঠে ফাইনালে ভারত ব্যাট করতে নামে দুরন্ত ছন্দে। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা ১০৪ রানের জুটি গড়ে শুরুতেই দলকে শক্ত ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রদ্রিগেজ আউট হওয়ার পর নামেন দীপ্তি। অধিনায়ক হরমনপ্রীত কৌর-এর সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তিনি ইনিংসকে ধরে রাখেন। হরমনপ্রীত আউট হলেও দীপ্তি শেষপর্যন্ত ইনিংসের ভার নিজের কাঁধে তুলে নেন।
এই বিশ্বকাপের বিশেষত্ব আরও একটি— ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই দলই আগে কোনওদিন মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ জেতেনি। তাই রবিবার নবি মুম্বইয়ের এই ফাইনাল থেকে জন্ম নিল নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন। ভারত।
ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছিল, যেখানে জেমাইমা রদ্রিগেজের ১২৭ রানের দুর্দান্ত ইনিংস ছিল জয়ের চাবিকাঠি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৩১৯ রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল ১২৫ রানে—লরা ভলভার্ডের ১৬৯ রানের ক্যাপ্টেনস ইনিংসে ভর করে।
দিনের শেষে ভারত বিশ্বকাপজয়ী। এটাও যেমন ইতিহাস, তেমনি ইতিহাসে দীপ্তি শর্মার নামও ইতিমধ্যেই সোনার অক্ষরে লেখা হয়ে গেল।