এর আগে এসআইআর নিয়ে দলের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, "৯৯ শতাংশ নয়, ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম ফিলাপ করার দায়িত্ব বিএলএদের নিতে হবে।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 21 November 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: নাওয়াখাওয়া ভুলে বিএলও-দের (BLA) ছায়াসঙ্গী হতে হবে বিএলএ টু-দের (BLA2)। বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর আগেই ভার্চুয়াল বৈঠক থেকে দলের নেতা, কর্মীদের স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সূত্রের খবর, অভিষেকের ওই নির্দেশের পরও কিছু জেলায় দলের বিএলএ-দের ক্ষেত্রে গা-ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। খবর পৌঁছেছে ক্যামাক স্ট্রিটেও। পইপই করে বলে দেওয়ার পরও কেন এই গা-ছাড়া মনোভাব, তা খতিয়ে দেখতেই আগামী ২৪ নভেম্বর ফের ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তিনি (Virtual Meeting , November 24)। এবারের বৈঠকে দলের বুথস্তরের নেতাদেরও উপস্থিতি বাধ্যতামূলক। সব মিলিয়ে প্রায় ১০ হাজার নেতা, কর্মীর ওই বৈঠকে উপস্থিত থাকার কথা।
দলীয় সূত্রের খবর, এসআইআর এর ক্ষেত্রে উত্তর ২৪ পরগনার মতুয়া বেল্ট এবং উত্তরবঙ্গের নেতা, কর্মীদের ভূমিকায় গা-ছাড়়া মনোভাব দেখা যাচ্ছে। বৈঠক থেকে এ ব্যাপারে অভিষেক কড়া বার্তা শোনাতে পারেন বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে সারা দেশের দেশের ১১টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR) প্রক্রিয়া শুরু করেছে কমিশন (Election Commission)। বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেবেল অফিসার বা বিএলও-রা (BLO)। ইতিমধ্যে বেশ কিছু এলাকা থেকে বিএলওদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগও সামনে আসছে।
তৃণমূলের বক্তব্য, যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজকে দ্রুত শেষ করার চেষ্টা হচ্ছে, তাতে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে। একই সঙ্গে বুথ লেবেন অফিসারের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তাঁরা অমানুষিক পরিশ্রমের মুখোমুখি হচ্ছেন। ফলে ভুলভ্রান্তির সম্ভবনা থাকছে। অন্যদিকে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে রাজ্যে একাধিক জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
তাই তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া সম্পন্ন না করার জন্য বৃহস্পতিবারই দেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টে মামলাও দায়ের করেছে বাংলার শাসকদল।
এহেন পরিস্থিতিতে দলের বিএলএ-দের কাজ পর্যালোচনা করতে ২৪ নভেম্বর ফের ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক। ওই বৈঠক থেকে অভিষেক কী বলেন তা নিয়ে দলের নেতা, কর্মীদের মধ্যে তীব্র কৌতূহল। গা-ছাড়া মনোভাবের জেরে দলের বিএলএটু-রা শাস্তির কোপে পড়েন কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
কারণ এর আগে এসআইআর নিয়ে দলের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, "৯৯ শতাংশ নয়, ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম ফিলাপ করার দায়িত্ব বিএলএদের নিতে হবে।" পরিষ্কার করে এও বলেছিলেন, বিএলও-দের এই বাড়ি বাড়ি যাওয়া পর্বে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প খুলতে হবে। সকাল ৯ টা থেকে ৫ টা ক্যাম্প খুলে রাখতে হবে। বিএলও-দের এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেওয়া যাবে না।