পরিবার সূত্রে জানা গিয়েছে, নোটিস হাতে পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন অজগরবাবু। বারবার পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন তিনি।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 January 2026 12:51
দ্য ওয়াল ব্যুরো: ফের এসআইআর (SIR) আতঙ্কে এক বৃদ্ধর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি হিঙ্গলগঞ্জের ১২১ নম্বর বুথ এলাকার (Hingalganj , West Bengal)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতর নাম বছর একাত্তরের অজগর বিশ্বাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী ও পুত্র-সহ পরিবারের তিন জনের নামে এসআইআর হিয়ারিংয়ের নোটিস আসে। নোটিস হাতে পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন অজগরবাবু। বারবার পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন তিনি। পরিবারের অভিযোগ, এসআইআর (SIR) হিয়ারিংয়ের নোটিস ঘিরেই ভয়, উৎকণ্ঠা, অবসাদে শেষ পর্যন্ত মৃত্যু হল বৃদ্ধের।
পরিবারের দাবি, রবিবার থেকেই তাঁর অস্বস্তি শুরু হয়। রাতে বুকে ব্যথা বাড়তে থাকে। ভোরের দিকে পরিস্থিতি গুরুতর হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের কোনও গুরুতর অসুস্থতা ছিল না। এসআইআর সংক্রান্ত আতঙ্কই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ।
মৃতের ছেলে আবু বক্কর বিশ্বাস বলেন, “বাবা সব সময় আমাদের কথা ভাবত। নোটিস আসার পর থেকেই বারবার বলত, আমাদের আর মায়ের কী হবে? আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ভিতরের টেনশনটা আর কমেনি। সেই চাপই শেষ পর্যন্ত বুকে গিয়ে পড়ে।”
প্রসঙ্গত, রবিবারই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমড়াল গ্রামে এসআইআর নোটিস ঘিরে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ওঠে বছর পঁয়ত্রিশের মিলন রায়ের বিরুদ্ধে। পরিবারের দাবি, বাবার পদবীর সঙ্গে তাঁর পদবী না মেলার কারণে নোটিস আসে। সেই আতঙ্কে প্রথমে বিষ খান তিনি। হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেও পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
সব মিলিয়ে আতঙ্কের আবহে ফের বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী প্রক্রিয়া।