
জহর সরকার।
শেষ আপডেট: 4 October 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শিয়ালদহ স্টেশনের এক অনুষ্ঠানে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তাঁর কাছে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
শমীকের বক্তব্য ছিল, শিয়ালদহ স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে 'রক্তাক্ত ইতিহাস', যার সাক্ষী ছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই শ্যামাপ্রসাদের নামে শিয়ালদহ স্টেশনের নামকরণের দাবি জানান তিনি।
এব্যাপারে শুক্রবার বিকেলে টুইটে বড় প্রশ্ন তুলে দিলেন সদ্য তৃণমূলত্যাগী প্রাক্তন সাংসদ জহর সরকার। শিয়ালদহ স্টেশনের নামকরণ নিয়ে বিজেপির ওই প্রস্তাবের শুধু বিরোধিতা করা নয়, সে সময় শ্য়ামাপ্রসাদ জাতির জনক গান্ধীজির 'ভারত ছাড়ো' আন্দোলনের বিরোধিতা করেছিলেন বলেও দাবি প্রাক্তন এই আমলার।
টুইটে জহরের দাবি, 'শ্যামাপ্রসাদ গান্ধীজির ১৯৪২ সালের 'ভারত ছাড়ো' আন্দোলনের বিরোধিতা করেছিলেন।'
নিজের দাবির সপক্ষে প্রাক্তন সাংসদ-আমলা এও লিখেছেন, '১৯৪২ সালের ২৬ জুলাই বাংলার গভর্নর হার্বাডকে চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ। সেখানে '৪২ এর স্বাধীনতা সংগ্রামকে চূর্ণ করার জন্য সমর্থনের প্রস্তাবও দিয়েছিলেন।' নিজের দাবির সপক্ষে একটি চিঠিও পোস্টও করেছেন জহর। সেই সঙ্গে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের চেষ্টা বন্ধ করার দাবিও জানিয়েছেন।
“BJP proposes renaming Sealdah station after Dr Shyama Prasad Mukherjee”https://t.co/ToRbtRToSj
— Jawhar Sircar (@jawharsircar) October 4, 2024
Syamaprasad opposed Gandhiji’s 1942 ‘Quit India’ movement + wrote to Governor Herbert of Bengal on 26 July ‘42 offering support in crushing Freedom Struggle!
Stop Renaming. pic.twitter.com/p7RO8vQN9d
বিজেপি সাংসদ শমীক দাবি করেছিলেন, দেশভাগের পর বহু মানুষ এই স্টেশনে এসেছিলেন এবং স্টেশনের আশপাশের এলাকায় বসবাস শুরু করেছিলেন। সর্বশান্ত মানুষজনকে এই এলাকায় ক্যাম্প করে রাখার কাজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ঠিক এই কারণেই শিয়ালদহর নাম এই মহান নেতার নামে রাখা উচিত।
শমীকের কথায়, 'মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে এর সঙ্গে। তাই রেলের অনুষ্ঠানে রেলমন্ত্রীর কাছে এই দাবি আমরা জানিয়েছি। তিনি বলেছেন, বিষয়টি দেখবেন।'
বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করেছিলেন তণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেছিলেন, "শ্যামাপ্রসাদ কেন, শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করতে হলে তা স্বামী বিবেকানন্দের নামে রাখা উচিত।" এবার বিজেপির বিরোধিতায় টুইট করলেন জহর সরকারও।