
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 February 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে হাওড়ায় (Howrah) একটি পেট্রোল পাম্পের সামনে গাড়ির মধ্যে গুলিবিদ্ধ (Shot) হন হুগলির পুলিশ অফিসার। সেই ঘটনার রেশ কাটার আগেই হাওড়ায় ফের গুলি কাণ্ড।
এবার গুলি চলল হাওড়ার লিলুয়ায়। শুক্রবার গভীর রাতে এলাকার একটি আবাসনের সামনে বাইকে চড়ে এসে রাজেশ সিং নামে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসরপাতালে ভর্তি করা হয়।
গোটা ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, "নজরদারি কই? কোথা থেকে এত বেআইনি অস্ত্র আসছে?"
স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ রাজেশ পেশায় ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতে তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অতীতে সে জেলও খেটেছে। ফলে অসামাজিক কোনও কার্যকলাপের জেরেই এই গুলি কাণ্ড কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।
গতকাল রাতে এই আবাসনের নির্দিষ্ট একটি ফ্লোরে বার্থডে পার্টি চলছিল। সেই বার্থডে পার্টিতে ছিলেন রাজেশও। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টা নাগাদ ওই পার্টি থেকে বাইরে বেরিয়ে আসেন রাজেশ। আবাসনের সামনে দাঁড়িয়ে তিনি সিগারেট খাচ্ছিলেন। সে সময়ই হেলেমেট পরে বাইকে করে আসা দুই দুষ্কৃতী খুব সামনে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।