
শেষ আপডেট: 18 January 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভরসন্ধেবেলায় গুলি চলল রিষড়ায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দীপক জয়সওয়াল নামে এক যুবক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রিষড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সেখানে হেস্টিংস মাঠের পিছনে সেগুন বাগান এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির কাছেই ছিলেন ২৫ বছরের দীপক। সেই সময় তিন-চারজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন চন্দননগর পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক একটি খুনের মামলায় অভিযুক্ত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের।