
শেষ আপডেট: 28 March 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় প্রকৃত অভিযুক্তদের পরিবর্তে পুলিশ নিরীহ সাত গ্রামবাসীকে গ্রেফতার করেছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় এবার ধৃতদের মধ্যে তিনজনের গোপন জবানবন্দি চেয়ে আদালতে আবেদন জানাল সিবিআই।
সিবিআই সূত্রের খবর, বিচারক অনুমতি দিলে আদালতে গোপন জবানবন্দি দেবেন হামলার ঘটনায় ধৃত সুকোমল সর্দার, মেহেবুর মোল্লা এবং সাহাবুদ্দিন মোল্লা। সেক্ষেত্রে হামলার প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে বলেও দাবি তদন্তকারী সংস্থার।
বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছে বসিরহাট আদালতে। এদিন আদালতে সিবিআইয়ের দাবি, ঘটনার অভিযুক্তদের এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জিপাড়ার বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। শাহজাহানই ফোন করে লোক জড়ো করে সেদিন ইডির ওপর হামলা চালিয়েছিল বলেও আদালতে জানায় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে শাহজাহান-সহ অভিযুক্তদের জামিনের বিরোধিতাও করেছে সিবিআই।
গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের। কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, জানতে সম্প্রতি ঘটনাস্থলে গিয়েছিল সিবিআইয়ের প্রতিনিধি দল।
তদন্তকারী সংস্থা সূত্রের খবর, শাহজাহানের বাহিনীকে আড়াল করতেই নির্দোষদের গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যেই তিনজন এবার আদালতে বিচারকের কাযে গোপন জবানবন্দি দিতে চাইছেন বলে সিবিআইয়ের দাবি।