
বুধবার থেকে চরম তাপপ্রবাহের পূর্বাভাস কলকাতায়।
শেষ আপডেট: 22 April 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া ভোলবদলের ইঙ্গিতই নেই। ছিটেফোঁটা বৃষ্টিরও নামগন্ধ নেই। বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো অপেক্ষা করা শহরবাসীর জন্য আরও ভয়াবহ খবর আনল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, তাপমাত্রা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বরং বুধবার থেকে আরও কয়েক ডিগ্রি চড়বে পারদ। অতি তীব্র তাপপ্রবাহে পুড়ে খাক হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও ১০ জেলা।
কলকাতা যেন রাজস্থান হয়ে গেছে। আগে জয়পুর, বিকানীরের তাপমাত্রা এমন ৪০-৪৫ ডিগ্রির মধ্যে থাকত। এখন তিলোত্তমাতেও যেন মরু শহরের আঁচ লেগেছে। দিনের তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছুঁয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ চড়েছে ৪৪ ডিগ্রিতে। বেলা বাড়লেই আগুন গরম হাওয়া বয়ে যাচ্ছে। সন্ধের পরেও গরম কমার লক্ষণ নেই। বরং অস্বস্তিকর দমবন্ধ পরিবেশ। গুমোট গরমে হাঁসফাঁস করছে শহর।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আগামিকাল আকাশ আংশিক মেঘলা থাকার কারণে গুমোটভাবে কিছুটা কম থাকতে পারে। কলকাতা ও হাওড়ায় তাপপ্রবাহের জ্বালা কিছুটা কমবে।
কিন্তু বুধবার থেকে ফের সপ্তমে চড়বে তাপমাত্রা। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আরও কয়েকডিগ্রি বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলাতে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা কলকাতাতেও।
বৃহস্পতি ও শুক্রবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ঊর্ধ্বে। ৯ জেলাতে অতি তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম, কলকাতায় চরম তাপপ্রবাহ চলবে।
কলকাতায় ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা উঠেছিল ১৯৮০ সালের এপ্রিল মাসে। সেবার মহানগরের রেকর্ড তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত কলকাতায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একটানা ৪০ ডিগ্রির উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ ও ২০০৯ সালে। ২০২৩ সালেও ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা ছিল পাঁচ দিন ধরে। আর এ বছর গরমের সঙ্গে তাপপ্রবাহের জ্বালাও সহ্য করতে হচ্ছে শহরবাসীকে।
উত্তরবঙ্গে এতদিন বৃষ্টি হচ্ছিল। তবে এবার পাহাড়েও গরম পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা বাড়বে। সমতলের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেশ গরম পড়বে আগামী কয়েকদিনে।