উত্তেজিত জনতা চারটি ছোট ম্যাটাডোর ভ্যান ও একটি বাইকে ভাঙচুর চালায়। একটি ম্যাটাডোরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়।
.jpeg.webp)
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 December 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডোমজুড়ে সাত বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় (Seven year old girl abducted from home, Rape in Howrah)। অভিযোগের খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে চলে বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নিসংযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে পুলিশ বাহিনী ও র্যাফ। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক।
ঘটনাটি ডোমজুড়ের রাঘবপুর এলাকার। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সেখানে রাস্তা তৈরির কাজ চলছে। সেই কাজের সূত্রেই এলাকায় বহিরাগত শ্রমিকের যাতায়াত বেড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই নির্মাণকাজে যুক্ত এক শ্রমিকই সাত বছরের একটি মেয়েকে প্রথমে শ্লীলতাহানি, পরে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
সোমবার সন্ধ্যায় অভিযোগ সামনে আসতেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এক স্থানীয় বাসিন্দার কথায়, “রাত আটটা নাগাদ শিশুটির কাকা আমাকে ফোন করে সবটা জানান। ওই শ্রমিকের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। এমনকী, ঘটনার আগের দিন মদ্যপ অবস্থায় গাড়ি উল্টে ফেলার ঘটনাও ঘটিয়েছে সে।”
পুলিশি তৎপরতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, প্রথমে পরিবারের লোকজন থানায় ফোন করতে ইতস্তত করছিলেন। পরে স্থানীয়রাই থানায় যোগাযোগ করেন। কিন্তু পুলিশ পৌঁছতে দেরি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উত্তেজিত জনতা চারটি ছোট ম্যাটাডোর ভ্যান ও একটি বাইকে ভাঙচুর চালায়। একটি ম্যাটাডোরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।