সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে আচমকা ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি-কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 7 July 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক (Siliguri-Sikkim National Highway 10 closed)। সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে আচমকা ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি-কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন সকালে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রীবাহী গাড়িটি। বাঘপুলের কাছে আসতেই পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে পড়ে গাড়িটির উপর। আচমকা ধস দেখে তড়িঘড়ি চালক সহ যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন পুলিশ ও প্রশাসনকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ধস সরানোর কাজেও হাত লাগানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। তবে ১০ নম্বর জাতীয় সড়কে আপাতত বন্ধ রাখা হয়েছে যান চলাচল। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ফের ধস নামার আশঙ্কা রয়েছে। সেই কারণে প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। বিপর্যয় মোকাবিলা দফতরও পরিস্থিতির ওপর নজর রাখছে।
অন্যদিকে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আপাতত ব্যাহত। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ধসমুক্তির কাজ শেষ হলেই ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।