
শেষ আপডেট: 2 February 2023 05:14
দ্য ওয়াল ব্যুরো: পেশোয়ারের মসজিদে হামলার (Peshawar blasts) ঘটনায় পাকিস্তান (Pakistan) জুড়ে আত্মসমালোচনা (Self-criticism) শুরু হয়েছে জেহাদিদের মদত দেওয়ার সরকারি নীতি নিয়ে। তাতে গলা মেলাচ্ছেন একের পর এক মন্ত্রীও (ministers)। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সোনাউল্লাহ দেশের জাতীয় সংসদে বলেছেন, মুজাহিদিনদের (স্বাধীনতাকামী জেহাদি বা বিপ্লবী) মদত করার নীতি ভুল। তারাই এখন দেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দু’দিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পেশোয়ারের ঘটনা প্রসঙ্গে প্রকাশ্যে বলেন, হিন্দুস্থানের দিকে চেয়ে দেখুন। সেখানে মসজিদে জঙ্গি হামলা হয় না। আর আমাদের এখানে মসজিদের প্রার্থনাকারীদের ভিড়ে আতঙ্কবাদী গা ঢাকা দিয়ে থেকে এত লোকের প্রাণ কেড়ে নিল। প্রসঙ্গত, পেশোয়ারের মসজিদে তিন দিন আগের বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩। সেখানে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল। জঙ্গির শরীরেই বিস্ফোরক রাখা ছিল।
ওই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীদের আত্মসমালোচনা, অনুশোচনার পিছনে কাজ করছে দেশব্যাপী সমালোচনার ঝড়। তীব্র আর্থিক সংকটে স্বাভাবিক জনজীবন বিপন্ন হয়ে পড়েছে দেশটিতে। তারমধ্যে একের পর এক জঙ্গি হামলায় হত্যা, সম্পত্তিহানীর ঘটনায় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। পাক মিডিয়া জুড়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে। সাধারণ মানুষ দাবি তুলেছে, ইসলামের নাম করে জেহাদিদের মদত করা চলবে না।
পাকিস্তানের দুই মন্ত্রীর আত্মসমালোচনা এবং সাধারণ নাগরিকদের অসন্তোষ ভারতের অবস্থানকেই জোরদার করছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। ভারত বহুদিন ধরেই বলে আসছে বিশ্বের অন্য প্রান্তের তুলনায় এই উপমহাদেশে বিচ্ছিন্নতাবাদ, জঙ্গিপনা, নাশকতার সমস্যার ফারাক আছে। পাকিস্তান সরাসরি জঙ্গিদের মদত দিয়ে থাকে। সেই কারণে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে আন্তর্জাতিক মহলে দাবি জানিয়ে আসছে ভারত।
পাকিস্তানে মন্ত্রীদের অতীতের ভুল স্বীকার এবং অনুশোচনা অবশ্য একেবারে নতুন ঘটনা নয়। স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হালে কবুল করেছেন ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ সঠিক সিদ্ধান্ত ছিল না। তাঁর কথায়, তিন যুদ্ধ থেকে পাকিস্তানের খুব শিক্ষা হয়েছে। সেই সঙ্গে আলোচনার বন্ধ দুয়ার খুলতে ভারতের প্রতি আর্জি জানিয়েছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন শাহবাজ।
বুধবার রাতে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সোনাউল্লাহ জাতীয় সংসদে স্বীকার করেন, মুজাহিদিনদের কীভাবে পাকিস্তান সরকার মদত করেছে। এই প্রসঙ্গে তেহরিক-ই-তালিবান নামের সংগঠনটির প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, ওদের নির্মূল না করে বিশ্বাস করাই ভুল হয়েছিল। প্রসঙ্গত, পেশোয়ারের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ওই জঙ্গি সংগঠনের নাম জড়িয়েছে।
প্রার্থনার সময় হামলা ভারতেও ঘটে না! মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ নিয়ে মন্তব্য পাক মন্ত্রীর