
এসএসসি ভবন
শেষ আপডেট: 8 November 2024 22:01
দ্য ওয়াল ব্যুরো: ভুল শুধরে শেষমেশ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের শূন্য পদের সংশোধিত তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায় স্কুলের দেওয়া তথ্যে গরমিলের অভিযোগ সামনে আসে।
প্রথম পর্বে যে তালিকা সামনে এসেছিল তাতে স্কুলের ভুল ঠিকানা থেকে শুরু করে বিষয় ভিত্তিক শূন্য পদের যে তথ্য জমা দেওয়া হয়েছিল তা সঠিক ছিল না। এমনকি সংরক্ষিত শ্রেণির প্রার্থী তালিকাতেও যথেষ্ট ভুল ছিল। গত ১ অক্টোবর ১৪ হাজার ৩৩৯ শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে এর মধ্যে একাধিক স্কুলে শূন্য পদ না থাকলেও সেই স্কুলগুলির নাম অন্তর্ভুক্ত হয়েছিল।
শুক্রবার সেই তালিকা সংশোধন করেই নতুন তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সুপারিশপত্র পাওয়ার পর উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের যাতে কোনওরকম হয়রানির মুখে না পড়তে হয় তার জন্যই এই সংশোধন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কমিশন।
কমিশনের তরফে প্রথম পর্বের তালিকায় ৮ হাজার ৭৪৯ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এঁদের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল ৬৫৮ জনকে। যার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪৭ জন এবং কাউন্সেলিংয়ে এসেও অনুমোদন পত্র নেননি দু’জন। ফলে মোট উপস্থিত ছিলেন ৫০৯ জন। এর মধ্যে তালিকায় ছিল বীরভূম জেলার সাড়ে ছ’শো স্কুল।
এ ছাড়াও আরও বেশ কিছু স্কুলের দেওয়া তথ্যে গরমিল সামনে উঠে এসেছিল। সংশোধিত শূন্যপদের তালিকায় ৭৫৬টি স্কুলের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সিংহভাগ স্কুল রয়েছে বীরভূম জেলায়।
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথমে যে তগালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে অনেক ভুল ছিল। তবে চাকরিপ্রার্থীরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন সে কারণেই শিক্ষা দফতেরর সঙ্গে কথা বলে তালিকা সংশোধন করা হয়েছে।