ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় এক যুবক ওই দুষ্কৃতীকে ধাওয়াও করলেও ধরতে পারেনি। ছাত্রীর মাথার একাংশে এসে লাগে ওই রাসায়নিক। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রী।

উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রীকে
শেষ আপডেট: 26 May 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: টিউশন পড়ে বাড়ি ফেরার সময় এক স্কুল ছাত্রীর ওপর রাসায়নিক ছোঁড়ার অভিযোগ উঠল! স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ এক ছাত্রী টিউশন পড়ে উত্তরপাড়ার শান্তিনগর এ কে রোড ধরে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় পিছন দিক থেকে এক যুবক তার ওপর রাসায়নিক জাতীয় কোনও তরল ছুড়ে পালিয়ে যায়।
ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় এক যুবক ওই দুষ্কৃতীকে ধাওয়াও করলেও ধরতে পারেনি। ছাত্রীর মাথার একাংশে এসে লাগে ওই রাসায়নিক। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রী। স্থানীয় মানুষজন তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছু ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ওই ছাত্রী বলে, "প্রতিদিনের মতোই পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করেই পিছন দিক থেকে পোড়া দুর্গন্ধ অনুভব করি।সেখানে একটা ভাই ছিল সে এসে আমাকে বলে তোমার পিছনে কিছু একটা ছুঁড়ে মেরে পালিয়েছে একজন। একটা দাদা ছেলেটাকে ধাওয়াও করেছিল। ধরতে পারেনি।"
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় কিছু নেশাগ্রস্ত যুবকের আনাগোনা আছে। ঘটনার খবর পেয়েই উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। তবে ছাত্রীর ওপর এই ধরনের রাসায়নিক ছোঁড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তারা অবিলম্বে দোষীকে চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানিয়েছে।