
শেষ আপডেট: 15 February 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে এতদিন সপ্তাহে একদিন করে গোটা ডিম দেওয়া হত। বাচ্চাদের শরীরে অতিরিক্ত পুষ্টির কথা ভেবে এবার থেকে আরও একদিন বাচ্চাদের পাতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
স্কুল শিক্ষা দফতর জানিয়েছে প্রতিটি ডিমের দাম পড়বে ৮ টাকা। রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া এই সুবিধা পাবে। সপ্তাহে দু’দিন করে বাচ্চাদের এই অতিরিক্ত গোটা ডিম খাওয়াতে খরচ পড়বে মোট ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।
মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহের অতিরিক্ত দু'দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে।
রাজ্যের স্কুল শিক্ষা দফতর চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে বলবৎ করার নির্দেশিকা জারি করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ড অবশিষ্ট ছিল। তাই সেই ফান্ডকে যথাযথ ভাবে ব্যবহার করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।