দ্য ওয়াল ব্যুরো : ৪৫ দিন থেকে ১০ বছর। প্রত্যেক মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক। ১ অগাস্ট থেকে নতুন হারে সুদ পাওয়া যাবে। সোমবার এসবিআই ঘোষণা করেছে, সাত থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে আগে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যেত। এখন পাওয়া যাবে পাঁচ শতাংশ। ৪৬ থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতে আগে সুদ মিলত ৬.২৫ শতাংশ। এখন মিলবে ৫.৭৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত স্থায়ী আমানতে এসবিআই সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক্ষেত্রে সুদ মিলবে ৬.২৫ শতাংশ।
২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদে স্থায়ী আমানতের ওপরে আগে সুদ পাওয়া যেত ৬.৪০ শতাংশ। এখন পাওয়া যাবে ৬.২৫ শতাংশ। এক বছর থেকে দু’বছরের কম সময় পর্যন্ত আমানতের ক্ষেত্রে সুদের হার কমবে ২০ বেসিস পয়েন্ট। অর্থাৎ ওই মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ সুদ মিলবে।
দীর্ঘমেয়াদে স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের হার কমছে। দু’বছর থেকে তিন বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে পাঁচ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে। ওই মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন ৬.৭০ শতাংশ সুদ মিলবে। তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদে সুদ আগে ছিল ৬.৭০ শতাংশ। এখন হচ্ছে ৬.৬০ শতাংশ। পাঁচ থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতের জন্য আগে ৬.৬০ শতাংশ সুদ পাওয়া যেত। এখন পাওয়া যাবে ৬.৫০ শতাংশ।
এর আগে গত ৯ মে সুদের হার পরিবর্তন করেছে স্টেট ব্যাঙ্ক। বাজারে বাড়তি লিকুইডিটি এবং সামগ্রিকভাবে আর্থিক ব্যবস্থায় সুদের হার কমার জন্য অতীতে বহু ব্যাঙ্কই সুদের হার কমিয়েছে। চলতি মাসেই সুদের হার পরিবর্তন করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পিএনবি, কোটাক মাহিন্দ্রা ও আরও কয়েকটি ব্যাঙ্ক।
আর কিছুদিনের মধ্যে আর্থিক নীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক। তখন সুদের হার কমানোর সম্ভাবনা আছে। চলতি বছরে আরবিআই রেপো রেট কমিয়েছে ৭৫ বেসিসি পয়েন্ট।