
শেষ আপডেট: 23 September 2022 07:59
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের (saudi Arabia) পবিত্র মদিনা (Medina) শহরে নতুন করে বিপুল সোনার ভাণ্ডারের (gold deposits) খোঁজ মিলল। সোনা ছাড়াও পাওয়া গেছে তামার (copper) খনিও। টুইট করে এ কথা জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে।
মদিনার আবা-আল-রাহা অঞ্চলে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। মদিনার আল-ফারা এলাকার আল-মদিক অঞ্চলে ৪টি তামার ভাণ্ডারেরও সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। সৌদির জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই আবিষ্কারে সারা পৃথিবীর কাছে বিনোয়োগের জন্য নতুন দরজা খুলে যাবে।
আল-আরবিয়ার একটি রিপোর্টে বলা হয়েছে, আশা করা হয়েছে এই সোনার ভাণ্ডার আবিষ্কার স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে, যা জাতীয় অর্থনীতির উন্নতিতে সহায়ক হবে। নয়া এই আবিষ্কার অন্তত ৫৩৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে পারবে বলে মনে করছেন জিওলজিক্যাল সার্ভের আধিকারিকরা। এখানে অন্তত ৪ হাজার কর্মসংস্থান হবে বলেও আশা করছেন তাঁরা।
প্রসঙ্গত, খনিজ সম্পদের ব্যাপারে অত্যন্ত সমৃদ্ধশালী সৌদি আরব। বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার ছাড়াও দেশটিতে রয়েছে অজস্র ধাতু ও অধাতব সম্পদের খনি। গত জানুয়ারি মাসে জিওলজিক্যাল সার্ভের চেয়ারম্যান অধ্যাপক আব্দুলাজিজ বিন লাবন জানিয়েছিলেন, সৌদি আরবে অন্তত ৫ হাজার ৩০০টি খনি রয়েছে, যার মধ্যে ধাতব এবং অধাতব পাথর ছাড়াও রয়েছে গ্রহরত্ন, নির্মাণের সামগ্রী এবং সুদৃশ্য পাথরের খনি।
মদিনাকে মক্কার পরেই ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র শহর বলে মনে করা হয়। ইসলামের শেষ পয়গম্বর হজরত মহম্মদের সমাধি রয়েছে এই মদিনায়। এছাড়া মহম্মদের তৈরি মসজিদ আল-মসজিদ-আল-নবাবি রয়েছে মদিনায়। প্রতি বছর সারা পৃথিবী থেকে হজ করার জন্য লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মদিনা শহরে যান।
হিজাব পরতে হবে শুনে ইরানের প্রেসিডেন্টের ইন্টারভিউ নিলেন না মার্কিন সাংবাদিক