
শেষ আপডেট: 6 July 2022 13:42
দ্য ওয়াল ব্যুরো: কালী (Kaali) বিতর্ক নিয়ে গত কয়েক দিন উত্তাল গোটা দেশ। মা কালী মহুয়া মৈত্রের (Mahua Moitra) বক্তব্যে সাড়া ফেলে দিয়েছে জাতীয় রাজনীতি। মহুয়ার মন্তব্যে তাঁর দল তৃণমূলও সরে গেছে পাশ থেকে। জানিয়ে দিয়েছে, মহুয়ার মন্তব্য একান্তই ব্যক্তিগত। তৃণমূল পাশে না থাকলেও এবার মহুয়ার পাশে দাঁড়াল কংগ্রেস!
তবে এবার মহুয়ার পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা শশী তারুর (Sashi tharoor)। একাধিক করা টুইটে তিনি স্পষ্ট করেন যে, "সম্প্রতি চলা এই বিতর্কে আমি একেবারেই অভিভূত নই। তবুও আমি বিস্মিত যেভাবে মহুয়া মৈত্রকে আক্রমণ করা হচ্ছে সেটা দেখে। মহুয়া যা বলতে চেয়েছেন, তা প্রতিটি হিন্দু জানেন। কীভাবে দেশজুড়ে নানা রীতিতে পুজো করা হয়।"
এখানেই না থেমে তিনি আরও বলেন, "এখন ধর্ম নিয়ে কিছু বললে কেউ কেউ না আঘাত পায়। আমি নিশ্চিত মহুয়া কারোর ভাবাবেগে আঘাত করার চেষ্টা করেননি। প্রত্যেকেই ধর্ম সম্পর্কে নিজের মত দেওয়ার সুযোগ দেওয়া হোক।" একা শশী নন, মহুয়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। তিনি টুইটে লেখেন, "অসাধারণ মহুয়া মৈত্র! তোমার স্বর আরও শক্ত হোক।"
কানাডা নিবাসী ভারতীয় মহিলা চিত্র পরিচালক লীনা মণিমেকালাইয়ের ‘কালী’ শীর্ষক ছবি নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। ছবি নয়, পোস্টার। যে পোস্টারে দেখা যাচ্ছে, কালীবেশী এক মহিলার হাতে সিগারেট। তা দেখেই ক্ষেপেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, ওই পোস্টারে যেসব কালীর হাতে সিগারেট দেওয়া হয়েছে তাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। দেবীর অবমাননা করেছেন পরিচালক। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।
এই দাবিতে যখন সরগরম, তখন ওই মহিলা পরিচালকের পাশে দাঁড়ান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে কৃষ্ণনগরের সাংসদ বলেছিলেন, মা কালী তো মদ-মাংসের দেবী। সিগারেট খেলে আপত্তি কীসের?
ব্যস এই কথায় বিতর্কে ঘৃতাহুতির কাজ করেছিল। গেরুয়া শিবির রে রে করে তেড়ে এসেছিল মহুয়ার দিকে। এমন পরিস্থিতিতে দলকে পাশে পায়নি মহুয়া। গতকাল রাতেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মহুয়ার মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। দল তাঁর বক্তব্যকে সমর্থন করে না।
তবে আজ সকালেই এই বিতর্কে আসে নতুন টুইস্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ। এদিন মহুয়া তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আনফলো করেন। এদিকে মহুয়ার মন্তব্য নিয়ে রাজ্য জুড়েও চলছে প্রতিবাদের ঝড়। কলকাতা থেকে জেলা–বাংলার অন্তত ৫৬টি থানায় মহুয়াকে গ্রেফতারের দাবিতে এফআইআর দায়ের করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, মহুয়া যা বলেছেন তা হিন্দুদের উপাস্য দেবী মা কালীর অবমাননা। অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।