
শেষ আপডেট: 10 December 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনের ৩১৮ দিন পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মেনে একবার মাত্র কথা বলা ছাড়া তাঁদের আর কোনও দাবি পূরণ করেনি সরকার, এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। তাই এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন তাঁরা। সেই সঙ্গে মহামিছিল এবং অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করলেন।
অবসরপ্রাপ্ত কর্মীসহ সমস্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, প্রায় ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, তাঁদের স্থায়ীকরণের ব্যবস্থা করা এবং একই পদে নিয়োগের ক্ষেত্রে সম বেতনের ব্যবস্থা করা, এই কয়েকটি দাবি নিয়ে চলতি বছরের শুরুতে আন্দোলনে বসেছিল সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠন।
কিন্তু আন্দোলনকারীদের দাবি, তাঁদের সঙ্গে একবার মাত্র মৌখিক আলোচনা ছাড়া কোনও দাবি পূরণ করা হয়নি। তাই ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্নর সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছেন তাঁরা। এই মর্মে ইতিমধ্যেই হাওড়া পুলিশের কাছে আবেদনপত্র জমা দেওয়া হলেও পুলিশের তরফে অবস্থান বিক্ষোভের অনুমতি মেলেনি। কিন্তু মঞ্চের সদস্যরা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ১৪৪ ধারাকে অমান্য করে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা গেলে তাঁরাও একই কাজ করবেন।
এতেই শেষ নয়। ২০২৪ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে একটি মহা মিছিলের ডাক দেওয়ার পরিকল্পনা রয়েছে মঞ্চের। হাওড়া, শিয়ালদহ এবং হাজরা মোড় থেকে সরকারি কর্মচারী এবং চাকরিপ্রার্থীদের সেই মিছিল এসে জমা হবে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে। তারপর আমরণ অনশন শুরু করার ইচ্ছে রয়েছে তাঁদের। এছাড়া জানুয়ারি মাসেই রয়েছে আরও একটি কর্মসূচি। মাসের শেষ সপ্তাহে তিন দিনের জন্য অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমস্ত সরকারি দফতর বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
মাত্র ৩ দিনে কাজ না হলে সেই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হয় তাহলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন, সাংবাদিক সম্মেলন করে সাফ জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। "সরকার যদি দায়িত্বজ্ঞানহীন হয় তাহলে এতদিন ধরে যে দায়িত্বের পরিচয় আমরা দিয়ে আসছি সেখান থেকে সরে আসা ছাড়া কোনও উপায় থাকবে না," জানিয়েছেন তাঁরা।
নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের তারিখ ঘোষণা করা হলেও মহা মিছিল এবং ধর্মঘটের তারিখ এখনও স্থির করা হয়নি। সমস্ত সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে যৌথ সম্মতিতেই সেই দিন ঠিক করা হবে। এছাড়া বিভিন্ন জেলা থেকে পদযাত্রারও ডাক দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে
এদিন সাংবাদিক বৈঠক করে এসএলএসটি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ গতকালই ওই চাকরিপ্রার্থীদের আন্দোলন এক হাজার দিনে পড়েছে। নিয়োগে গাফিলতি এবং বেনিয়মের প্রতিবাদে মহিলা চাকরি প্রার্থীরা মাথা কামিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মঞ্চের সদস্যরা।