
সন্দেশখালির সেই স্কুল- নিজস্ব চিত্র
শেষ আপডেট: 15 May 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আগামী পয়লা জুন বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে ভোট। যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি সেখানে। শাসক-বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠছে প্রায়শই। সম্প্রতি সন্দেশখালির একটি সরকারি স্কুলে বহিরাগতদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূলও।
বসিরহাটের ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয়ে গত ১৩ মে, সোমবার বিকেলের দিকে বিজেপি এই গোপন বৈঠক করে বলে অভিযোগ। কর্তৃপক্ষের দাবি, স্কুলের তালা খুলে সম্পূর্ণ বেআইনিভাবে বহিরাগতদের নিয়ে বৈঠক করেছেন বিজেপির নেতা-কর্মীরা। তারপর থেকে স্কুলের বহু নথিপত্র ও সামগ্রী পাওয়া যাচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, পুলিশ এবিষয়ে তদন্ত করে দেখুক।
বসিরহাটের তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, স্কুলে মিটিং করার জন্য কোনও অনুমতি না নিয়েই বিজেপি সেখানে অসম, গুয়াহাটি, থেকে আসা বহিরাগতদের সঙ্গে বৈঠক করেছে। তাঁর দাবি, ভোটের দিন সন্দেশখালিতে সন্ত্রাস ছড়ানোর জন্য অস্ত্র সরবরাহ নিয়েই এই বৈঠক করেছে বিজেপি। দুই বিজেপি নেতা ও কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বসিরহাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি নিলয় সরকার বলেন, "পুরো বিষয়টা আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি।" যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।