
গ্রাফিক্স, দ্য ওয়াল।
শেষ আপডেট: 30 April 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সনাতনী সভা নিয়ে বুধবার ফের হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। এদিন কাঁথির মহাসনাতনী ধর্ম সম্মেলনে নিয়ে কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য।
রাজ্যের আবেদনের ভিত্তিতে মামলার সমস্ত পক্ষকে নোটিস দিয়ে বেলা সাড়ে এগারোটায় এজলাসে থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, 'অনুষ্ঠান চার ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন এই মামলার কোন প্রয়োজনীয়তা হয় না।'
বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। একই দিনে কাঁথিতে হিন্দুদের সনাতনী সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইখোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এরপরই সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য। তবে রাজ্যের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। ফলে বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী সভা করার ক্ষেত্রে আপাতত আইনি বাধা নেই বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
বুধবার সকাল থেকে কাঁথিতে বিরোধী দলনেতার উপস্থিতিতে সনাতনীদের সভা শুরুও হয়ে গিয়েছে। এরই মধ্যে ফের আদালতের দ্বারস্থ রাজ্য। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। তবে এ ব্যাপারে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এখন দেখার আদালত কী নির্দেশ দেয়।