
শেষ আপডেট: 5 December 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকেল ৪টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন এক ঝাঁক টলিউড বলিউড তারকা।
মঙ্গলবার সকালেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হয়েছেন বলি তারকা সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে সাতসকালেও ভিড় জমান অনুরাগীরা।
সলমন খান ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা।
এবছর চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন করা হবে। মুখ্যমন্ত্রীর ভাবনায় এই প্রথম কেআইএফএফ-এর জন্য থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ২৯ তম কলকাতা চলচিচ্চত্র উৎসবের ৩৯ টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৭২ টি ফিচার ফিল্ম, ৫০ টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি ছবি। এছাড়া নন কম্পিটিশন বিভাগে রয়েছে ৯৭ টি ছবি।
এবারের উৎসবের থিম বঙ্গ সিনেমার বঙ্গ ভ্রমণ। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও নবীনা, স্টার, রাধা স্টুডিও, সাউথ সিটি আইনক্স, প্রাচী সিনেমা, বিজলি, মিনার,অশোকা, মেনকা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১, ২, অজন্তা, মেট্রো, মানি স্কোয়ার, নিউ এম্পায়ার কোয়েস্ট মল, নবীনা সিনেমা হলে পুরোপুরি বিনামূল্যে দর্শকেরা দেশ-বিদেশের ছবি দেখতে পাবেন ৷ তবে সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে সিনেমা হলে৷ টিকিট কাউন্টার থেকে ফ্রি পাস সংগ্রহ করে সেই পাস দেখিয়েই সিনেমা দেখার সুযোগ মিলবে৷ এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা এবং আর্থিক পুরস্কারও দেওয়া হবে।