
শেষ আপডেট: 21 January 2023 07:15
দ্য ওয়াল ব্যুরো: তন্ত্রসাধনার মাধ্যমে শান্তির অতল সাগরে ডুবে যেতে চেয়েছিলেন রাশিয়ার বাসিন্দা বৌদ্ধ সন্ন্যাসী। কিন্তু কপালে হাজতবাস থাকলে তা আর খণ্ডাবে কে? মদ নিষিদ্ধ, এমন রাজ্যে (dry state) মদ নিয়ে বৌদ্ধ বিহারে ঢোকার অপরাধে নির্বাণ লাভের সাধনার বদলে ঠাঁই হল গারদে (Russian monk arrested)।
ঘটনাটি ঘটেছে বিহারের বুদ্ধগয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সন্ন্যাসী একটি ১০০ মিলিটারের বোতলে করে ১০ মিলিলিটার মদ নিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবধি মহাবিহারে (Mahabodhi Mahavihara) ঢুকতে যাচ্ছিলেন। কিন্তু প্রবেশের আগেই যখন তাঁর ব্যাগ স্ক্যান করা হয়, তাতেই ধরা পড়ে যান ওই সন্ন্যাসী। মদের বোতল বাজেয়াপ্ত তো করা হয় বটেই, তার সঙ্গে ওই বৌদ্ধ সন্ন্যাসীকেও গ্রেফতার করে বুদ্ধগয়া পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়ার পর ওই সন্ন্যাসী দাবি করেন, তিনি তন্ত্রচর্চা করার জন্য 'নৈবেদ্য' হিসেবে ওই মদ নিয়ে যাচ্ছিলেন। যদিও তাঁর কোনও দাবিই কানে তোলেনি পুলিশ।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই বিহার 'ড্রাই স্টেট', অর্থাৎ সেখানে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। এই আইন বিদেশি পর্যটকদের জন্যo প্রযোজ্য। সে কথা ওই সন্ন্যাসী জানতেন না বলেই মনে করা হচ্ছে।
জোশীমঠে ত্রাণ দিতে আসছিলেন, ৫০০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি! মৃত্যু কেরলের পাদ্রীর