হাসপাতালে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। পুরো ঘটনার জেরে তেহট্ট ও আশপাশের এলাকায় শোরগোল পড়ে যায়।

শেষ আপডেট: 3 October 2025 21:13
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সাপে কাটা এক নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের আবহ তেহট্ট হাসপাতালে। গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালাল হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে সাপের ছোবলে গুরুতর অসুস্থ অভিরূপ ঘোষ নামে ১১ বছরের এক নাবালককে তেহট্ট সরকারি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেনি তাকে। এরপরেই সরকারি নিয়ম মেনে নাবালকের দেহ পাঠানো হয় মর্গে।
দুপুরে হঠাৎই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে—মর্গে রাখা অভিরূপের নাকি মৃত্যু হয়নি, সে বেঁচে আছে! মুহূর্তেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে আসে হাসপাতালে। শিশুটি জীবিত—এই গুজবে ভর করে ক্ষোভে ফেটে পড়ে মানুষজন। তেহট্ট হাসপাতাল চত্বরে শুরু হয় ব্যাপক ভাঙচুর। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি ও অবহেলার অভিযোগ তোলেন তাঁরা। পরিস্থিতির অবনতি হওয়ায় তড়িঘড়ি পুলিশ ওই নাবালকের দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। পুরো ঘটনার জেরে তেহট্ট ও আশপাশের এলাকায় শোরগোল পড়ে যায়।