
শেষ আপডেট: 17 January 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর ২.৩০। আচমকা উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদীর অফিসে হাজির অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ! সঙ্গী ২৫-৩০জন মহিলা-পুরুষ।
আগাম কোনও অনুমতি ছাড়া এভাবে রুদ্রনীল জেলাশাসকের কার্যালয়ে পৌঁছে যাওয়ায় প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে যায়। কী দাবিতে এসেছেন অভিনেতা তথা বিজেপি নেতা, তা নিয়ে শুরু হয় গুঞ্জনও।
পরে বাইরে এসে রহস্য খোলসা করলেন রুদ্রনীল নিজেই। বললেন, "আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। জেলাশাসক কোনও ধর্মের নয়, কোনও রাজনৈতিক দলের নয়, তিনি নিরপেক্ষ ব্যক্তিত্ব। তাই তাঁকে আমরা আমন্ত্রণ জানাতে এসেছিলাম।"
রুদ্রনীল এও দাবি করেন, "এখানে রাজনীতি করতে আসিনি। তাই রাজনীতির রং ছাড়া এসেছি।" যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বর বক্তব্য, এদিন রুদ্রনীলের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই বিজেপির সক্রিয় সদস্য।
একই সঙ্গে শাহজাহান থেকে এসএসকেএম, বিভিন্ন প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। এসপি, ডিএম সহ প্রশাসনিক কর্তাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
রুদ্রনীলের কথায়, "বাংলার দিকে দিকে দুর্নীতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সবার ওপর কোর্ট সত্য তাহার ওপরে নাই। তবে প্রশাসনের একাংশ এই দুর্নীতির বাইরে বেরিয়ে আসতে চাইছেন। তাঁদেরকে ধন্যবাদ। বাকি ডিএম, এসপি সহ প্রশাসনের চেয়ারে যাঁরা বসে রয়েছেন তাঁদের বলব, আপনারা পড়াশোনা করেছেন, চুরি করার জন্য বা চোরকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আপনারা শপথ নিয়েছেন এই দেশের জন্য। সেইটার সম্মান রাখুন, না হলে জনগণ পছন্দের ভাষায় কৈফিয়ৎ চাইবে।"
অভিনেতা-বিজেপি নেতা্র আরও দাবি, "চারিদিকে এত দুর্নীতি যে প্রশাসনিক অফিসেও লোকজন সারাক্ষণ ভযে ভয়ে থাকে। এই বুঝি আবার কিছু ফাঁস হয়ে গেল!"
সন্দেশখালির 'ফেরার' তৃণমূল নেতা শাহজাহান শেখের প্রসঙ্গে এদিন দু'লাইন কবিতাও আওড়াতে দেখা যায় অভিনেতা-বিজেপি নেতাকে। রুদ্রনীলের কথায়, "শাহজাহান, শাহজাহান তোমার বাড়ি যাব, শাহজাহান তোমার বাড়ি গিয়ে চুরির কী কী পাব?"