
দুর্গাপুর ম্যারেজ হলের সামনে উত্তেজনা। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 9 May 2024 09:11
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে ম্যারেজ হলের কাছে পরিত্যক্ত ব্যাগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আবহে বোমাতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনাকে ঘিরে তুমুল বচসা বেঁধে গেছে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। সকাল থেকেই উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, পুলিশ।
পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায়। একটি ম্যারেজ হলের কাছে ওই ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তারপরেই আতঙ্কে ছোটাছুটি, চেঁচামেচি শুরু হয়। ওই ম্যারেজ হল বিজেপির জেলা সহ সভাপতি মনীষা সিকদারের। হলের সামনে থেকে ব্যাগ উদ্ধারের পরেই স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। তৃণমূলের অভিযোগ, ওই ব্যাগে বোমা রাখা আছে। এই অভিযোগ অস্বীকার করে বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, মামরা বাজার সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় ধুন্ধুমার বেঁধে গেছে। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা চলছে। প্রথমে দুই দলের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরেই হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই ও দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার লাভলি রায় ছুটে আসেন ম্যারেজ হলের সামনে। দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করে। জানা গেছে, বম্ব স্কোয়াডের লোকজন এসে ব্যাগটি পরীক্ষা করছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ব্যাগটি কোথা থেকে এল, কারা রাখল তা জানার চেষ্টা চলছে।