
শেষ আপডেট: 11 January 2024 08:47
দ্য ওয়াল ব্যুরো: ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল পূ্র্ব বর্ধমানের কালনায়। মারামারি-হাতাহাতি থামাতে আসরে নামতে হল পুলিশকে। বুধবার সেখানে রূপম ইসলামের শো ছিল। গান শুনতে বহু মানুষ মাঠে ভিড় জমান। মাঠের বাইরেও ভিড় বাড়তে থাকে। একসময় মাঠের ভিতরে হুড়োহুড়ি করে লোকজন ঢুকে পড়তে শুরু করেন। ফলে ব্যারিকেড ভেঙে যায়। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কিছুদিন আগে অনুপম রায়ের অনুষ্ঠানেও এমন ঘটনা ঘটেছিল।
পুলিশ জানিয়েছে, বুধবার পূর্ব বর্ধমানের কালনাতে ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। সন্ধে থেকেই মাঠে ভিড় জমতে শুরু করে। গান শুনতে হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে থাকেন প্রচুর মানুষ। মাঠ ভর্তি হয়ে যাওয়ার পরও গায়ককে এক ঝলক দেখতে মাঠের বাইরেও ভিড় জমে যায়। ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়। আয়োজকদের সরিয়ে মাঠের ভেতরে লোকজন ঢুকে পড়তে থাকেন। পাঁচিল টপকেও অনেকে ভেতরে ঢোকেন। ফলে তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়।
পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। মারামারিও শুরু হয় মাঠের ভেতরে। কয়েকজনকে হাতে অস্ত্র নিয়ে ঝামেলা করতে দেখা যায়। গন্ডগোল যখন চরমে পৌঁছয় তখন আয়োজকরাই খবর দেয় পুলিশ। কালনা থানার পুলিশ এসে মাঠ খালি করতে বলে। কিন্তু অনেকেই সে কথায় কর্ণপাত করেনি। এরপরই কালনা থানার পুলিশকে লাঠিপেটা করতে হয় বলে খবর।
পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলেই ধাক্কাধাক্কি আরও বেড়ে যায়। সূত্রের খবর, অনেক মানুষ রাস্তাতেই পড়ে যান। এমনকী পাঁচিল টপকেও কেউ কেউ বের হওয়ার চেষ্টা করেন। পুলিশের ভ্যানে তোলা হয় অনেককে। তবে চারজনকে অস্ত্র সমেত আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত,কালনার বিধায়ক দেব প্রসাদ এই এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেন। রূপম ইসলামের গানের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। কিন্তু গান শুনতে অস্ত্র নিয়ে লোকজন কেন গিয়েছিল সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করা হচ্ছে।