
শেষ আপডেট: 12 January 2024 14:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনার: রায়মঙ্গলের পাড়ে ৩০০ ফুট নদীবাঁধ ধসে পড়ল। বিপদের মুখে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রামপঞ্চায়েত এলাকা। শীতের দিনে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে সেখানে।
সাহেবখালি গ্রামপঞ্চায়েত এলাকা তিনটি নদীর মোহনায় অবস্থিত। সেখানে রায়মঙ্গল নদীতে যে বাঁধ রয়েছে, সেটি ধসে পড়েছে। বিপদের মুখে পড়েছেন রমাপুর, মাধবকাঠি, কাঁঠালবেরিয়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে ঘুম থেকে উঠে তাঁরা ওই বাঁধের রাস্তা ধরে মাঠে যাচ্ছিলেন। আচমকাই ওই রাস্তার পাশে ধস নামে। ইটের রাস্তার অনেকটাই ধসে নদীগর্ভে তলিয়ে যায়। রাস্তায় মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। বাঁধের পাশে যাঁদের বাড়ি রয়েছে তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
সেচ দফতরকে খবর দেওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শনে যান আধিকারিকরা। পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপল, বালির বস্তা, বাঁশ দিয়ে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে।
গ্রামবাসীদের দাবি, শীতকালে বাঁধ ভাঙার ঘটনা খুব কমই ঘটে। এখন নদীতে জলস্তর বাড়েনি। বাঁধও সংরক্ষণ করা হয়েছে। তবু কেন বাঁধ ভেঙে পড়ল সে বিষয়ে ধন্দে তাঁরাও।
বাসিন্দারা জানিয়েছেন, নদীর পাশ দিয়ে যাওয়া প্রায় ১ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিদের চিন্তা সেই বাঁধের ফাটল দিয়ে জল চাষের জমিতে ঢুকলে নষ্ট হতে পারে ফসল। মৎস্যজীবীরা মাছের ভেরি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।