.webp)
ঋতুপর্ণা সেনগুপ্ত
শেষ আপডেট: 6 June 2024 13:08
দ্য ওয়াল ব্যুরো: ইডির তলবে বুধবার হাজিরা দেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। ফের আরও একবার অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়িয়েছে। সেই সূত্রে গত বৃহস্পতিবার তলব করে ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। গতকাল বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি।
এদিকে বর্তমানে অভিনেত্রী মায়ামিতে রয়েছেন। তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে আইনজীবী মারফত জানান অভিনেত্রী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে সাতদিন সময় চান তিনি। দেশে ফিরে এলে ইডির সঙ্গে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছিলেন ঋতুপর্ণা। এরপরই আগামী সপ্তাহে ফের ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও নিজেদের হেফাজতে নেন ইডি আধিকারিকরা। এরই মাঝে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। তারপর থেকে দফায় দফায় অশান্ত হতে থাকে সন্দেশখালি।