
ঋতুপর্ণা ঘোষ।
শেষ আপডেট: 5 June 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫জুন অভিনেত্রীকে ইডি অফিসে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, বুধবার তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব নয় বলে আইনজীবী মারফত ইডিকে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ইডির কাছে বাড়তি সময়ও চেয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
ইডি সূত্রের খবর, ৬ জুন পর যেকোনও দিন তিনি ইডি অফিসে আসতে পারবেন বলে আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন ঋতুপর্ণা।
এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।
প্রসঙ্গত, ছুটি কাটাতে অভিনেত্রী এখন বসে রয়েছেন মায়ামিতে। গত ৩০ মে ইডির নোটিস সম্পর্কে ফোনে ঋতুপর্ণা দ্য ওয়ালকে জানিয়েছিলেন, “আমি সংবাদমাধ্যম থেকেই এসব শুনছি। রেশন দুর্নীতি কী আর কীসের নোটিস, কিছুই আমি জানি না।” সেই সময় অভিনেত্রী এও জানিয়েছিলেন, “বাড়িতে খোঁজ নিয়েছি, কোনও চিঠি আসেনি। আমার অফিসেও কোনও চিঠি আসেনি।” চিঠি পেলে আইনি পরামর্শ নেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
মনে করা হচ্ছে, মায়ামি থেকে অভিনেত্রী সম্ভবত এখনও ফেরেননি। সেকারণেই হয়তো হাজিরার জন্য বাড়তি সময় চেয়েছেন তদন্তকারী সংস্থার কাছে। তবে এ ব্যাপারে ঋতুপর্ণার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। অভিনেত্রীর বক্তব্য জানা গেলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।