.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 23 April 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে (RG Kar) ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের ফাঁকফোকর নিয়ে আগেই আদালতে মামলা দায়ের করেছিলেন নিহত চিকিৎসকের বাবা মা। এ ব্যাপারে আদালতের কাছে তদন্তের একাধিক মিস লিঙ্কও তুলে ধরেছিলেন তাঁরা। আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিও জানিয়েছিলেন তাঁরা।
ওই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার আদালতে একাধিক রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, এদিন আরজি কর মামলায় কলকাতা পুলিশের কেস ডাইরি ,সাক্ষীদের তালিকা, পোস্টমর্টেম রিপোর্ট,ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
গত বছরের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন আদালতে ঘটনার দিনের প্রসঙ্গ তুলে ধরে মামলাকারীর আইনজীবী বলেন, সেদিন হাসপাতাল থেকে নির্যাতিতার পরিবারকে তিনবার ফোন গিয়েছিল। তিনবার তিন রকম বক্তব্য। এমনকী পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছানোর পর ও তাঁদের ৩ ঘণ্টা দেহ দেখতে দেওয়া হয়নি। এমনকী ঘটনার বহু পরে পুলিশ মামলা রুজু করে।
তড়িঘড়ি দেহ সৎকার করা থেকে শুরু করে ডিসি নর্থ নির্যাতিতার পরিবারকে টাকা অফার করেছিলেন বলেও অভিযোগ। নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য, এরকম বহু মিস লিঙ্ক রয়েছে, অথচ সেগুলির রহস্য কিনারা করার জন্য অভিযুক্তদের অনেককে জিজ্ঞাসাবাদই করা হয়নি।
এমনকি যেখান থেকে দেহ পাওয়া গিয়েছিল, সেই ঘটনাস্থলও সুরক্ষিত ছিল না বলে অভিযোগ পরিবারের। যদিও সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, এ ব্যাপারে গত বছরের ১১ সেপ্টেম্বরই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল।
দু'পক্ষের সওয়াল জবাবের পর সিবিআইকে তদন্ত অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।