
দুর্যোগ থেকে বাঁচতে ধর্নাস্থলে ত্রিপলের ছাউনি।
শেষ আপডেট: 14 September 2024 10:11
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ-সহ ৬ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না অবস্থানে বসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এদিকে নিম্নচাপের দাপটে শুক্রবার বিকেলের পর থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। রাতভর দফায় দফায় বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে।
আন্দোলন অব্যহত রাখতে শনিবার সকাল থেকে ধর্না মঞ্চের সামনে ত্রিপল দিয়ে একাধিক ছাউনি তৈরি করতে দেখা গেল আন্দোলনকারী চিকিৎসকদের। তাঁদের সাফ কথা, সহপাঠীর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরছি না।
ইতিমধ্যে আন্দোলনকে সমর্থন জানিয়ে গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে খাবার নিয়ে আসতে দেখা গিয়েছে। শুক্রবার রাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে এসে পৌঁছেছিল একাধিক ক্যাম্প খাট ও কাঠের তক্তা। তাঁদের বিশ্রামের জন্য বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এগুলি পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনে দোষীদের কঠোরতম শাস্তি, তথ্যপ্রমাণ লোপাটে জড়িতদের হেফাজতে নেওয়া এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবিতে শুক্রবার বিকেলে লালবাজার অভিযানে নামে বামেরা।
ফিয়ার্স লেনের অদূরে বি বি গাঙ্গুলি স্ট্রিটে লোহার ব্যারিকেডে আটকে দেওয়া হয় বামেদের। রাতভর সেখানেই অবস্থানে বসে রয়েছেন বামেরা। বিমান বসু, মহম্মদ সেলিমরা জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এই অবস্থান বিক্ষোভ চলবে।
এদিকে বামেদের এই অভিযানকে ঘিরে শুক্রবার বিকেল থেকেই ৯ ফুট উচ্চতার লৌহ প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতর। এর আগে গত ২ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে ঘিরে একই ছবি দেখা গিয়েছিল ফিয়ার্স লেনে।