
আরজি করে গাছ কাটার অভিযোগ।
শেষ আপডেট: 14 November 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: গত অগস্টে নিজের কর্মস্থলেই ধর্ষণ-খুনের স্বীকার হয়েছিলেন ডাক্তারি ছাত্রী। সেই থেকে বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ডাক্তারি ছাত্রীর খুন-ধর্ষণের ঘটনার সূত্র ধরেই সামনে এসেছে হাসপাতালের একাধিক দুর্নীতি। আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরই মধ্যে এবার বিনা টেন্ডারে রাতের অন্ধকারে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষুব্ধ হাসপাতালের চিকিৎসকরা। বৃহস্পতিবার এ ব্যাপারে চিকিৎসকদের তরফে হাসপাতাল সুপারকে ডেপুটেশনও দেওয়া হয়।
হঠাৎ গাছ কাটার কী প্রয়োজন পড়ল? আদৌ বন দফতরের অনুমতি নেওয়া হয়েছে কিনা, এসব প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার সূত্র ধরে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, হাসপাতালের বিভিন্ন এলাকায় অতিরিক্ত গাছ থাকার ফলে আলো বাতাসের সমস্যা হচ্ছিল। এছাড়া সিসিটিভি ক্যামেরার জন্য বড় গাছগুলির ডালাপালা কাটার কথা বলা হয়েছিল।
অভিযোগ, শুরুর দিকে বড় গাছগুলির ডালপালা ছাঁটা হলেও পরে রাতের অন্ধকারে বড় গাছগুলি কেটে ফেলা হয়েছে। যার নেপথ্যে দুর্নীতি দেখছেন চিকিৎসকদের একাংশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।