
সিবিআই দফতরের সামনে আন্দোলনকারীরা।
শেষ আপডেট: 20 September 2024 19:08
দ্য় ওয়াল ব্যুরো: অবশেষে ৪২ দিন পর ধর্না প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল শনিবার থেকেই তাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হবেন। নির্যাতিতার স্মৃতিতে আরজি করের সামনে বসানো হবে প্রতীকি মূর্তিও।
একই সঙ্গে জানিয়ে দিলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে ফের আন্দোলনে নামবেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, "আমাদের চোখ থাকবে ২৭ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তার মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা কিন্তু আবারও ধর্না অবস্থানে ফিরতে পারি। তখন কিন্তু আরও তীব্রতর প্রতিবাদ নিয়ে আমরা রাজপথে ফিরব।"
জুনিয়র চিকিৎসকরা জানান, প্রতিটি কলেজের সামনে যে ধর্না মঞ্চ রয়েছে তা উঠছে না। সেখানে যেমন আন্দোলন চলছিল তেমনই চলবে। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তাঁরা আগামীকাল থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হবেন।
অনিকেত মাহাত বলেন, "আমরা যুক্তিসঙ্গতভাবে লড়েছি তাই সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে। আন্দোলনে আংশিক জয় এসেছে। কলেজে কলেজে যেভাবে থ্রেট কালচার তৈরি হয়েছিল, সাপের পাঁচ পা দেখানো হচ্ছিল তাদের পা আমরা ভেঙে দিয়েছি। তবে সরকার যে সব প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত পূরণ না হলে ফের রাজপথের আন্দোলনে ফিরব। কারণ, আর একটাও এমন ঘটনা ঘটুক, সেটা আমরা চাই না।"
পূর্ব ঘোষণা মতো এদিনই অতিরিক্ত খাবার নিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। আগামীকাল শনিবার থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিলির পাশাপাশি নির্যাতিতার স্মৃতিতে মেডিক্যাল ক্যাম্পও করবেন তাঁরা।
এদিন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স প্রায় ৪ কিমি পথ হেঁটে আসার পর দ্রুত বিচারের দাবিতে সিবিআইয়ের উদ্দেশে স্লোগান তোলের আন্দোলনকারীরা। তাঁরা জানিয়ে দেন, র্আর পাঁচটা ঘটনার সঙ্গে এই ঘটনা গুলিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিচারের দাবিতে টানা ধর্না অবস্থানে বসেছিলে্ন জুনিয়র চিকিৎসকরা। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পরিস্থিতির বদল ঘটেনি। ধর্নাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হয়েছিল। সেখানে ডাক্তারদের দাবি মেনে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে কর্মবিরতি তোলার কথা থাকলেও তোলেননি ডাক্তাররা।
বরং প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন , সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে বুধবার সকালে ফের নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই দাবি মেনে বুধবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। হাসপাতালের সুরক্ষায় বৃহস্পতিবার নবান্নের তরফে স্বাস্থ্য দফতরের উদ্দেশে একটি বিশেষ নির্দেশিকাও জাারি করা হয়। যাতে আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি পূরণের কথা বলা হয়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস দ্রুত বাস্তবায়িত না হলে ফের রাজপথের আন্দোলনে ফিরবেন তাঁরা। নজর থাকবে সিবিআই তদন্তের দিকেও।