
শেষ আপডেট: 5 July 2023 17:17
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড অজিত আগরকারকে নির্বাচক প্রধান করেই নিয়মই বদলে ফেলল। আগে জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যানরা বছরে পেতেন ৯০ লক্ষ থেকে এক কোটি টাকা। এবার আগরকাররা পাবেন বছরে তিন কোটি টাকা। এত অর্থ বাড়ানোর কারণ হিসেবে বোর্ড পরিষ্কার করে কিছু জানাতে পারেনি।
আগরকার আগে ছিলেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ। তিনি পাশাপাশি ধারাভাষ্যও দিতেন। তা থেকে বছরে মোট আয় হতো দেড় কোটি টাকা। সেই দায়িত্ব ছেড়ে তিনি নির্বাচক প্রধান হওয়ার শর্তে রাজি হয়েছেন একটাই কারণে, তাঁর পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে। বছরে আগরকার পাবেন তিন কোটি টাকা। তাঁদের একটাই কাজ হবে, সারা বিশ্বে যেখানে জাতীয় খেলছে, সেখানকার ফাইভ স্টার হোটেলে থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স জরিপ করা।
পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন কেন্দ্রে হাজির থেকে তরুণদের বাছাই করা দক্ষতার ভিত্তিতে। মঙ্গলবার যখন আগরকার নির্বাচক প্রধান হওয়ার খবর পান, সেইসময় তিনি লন্ডনে। এই বড় পদের সেলিব্রেশন হিসেবে লন্ডনে আগরকার মিলিত হন প্রিয় বন্ধু শচীন ও তাঁর পরিবারের সঙ্গে। শচীনের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলিও। শচীন কেনিয়া থেকে সরাসরি লন্ডন চলে এসেছেন।
মধ্যাহ্নভোজের টেবিলে ছিলেন সস্ত্রীক যুবরাজ সিংও। আগরকার যে শচীনের বাল্যবন্ধু, ক্রিকেটমহলের সকলেই জানান। শোনা যাচ্ছে, শচীনের সুপারিশের ভিত্তিতেই এই প্রাক্তন পেসারকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আগরকারের সঙ্গে কমিটিতে রয়েছেন সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায়, এস শরথ, শিবসুন্দর দাসরা।
আগরকাররা দায়িত্বে এসেই ক্যারিবিয়ান সফরে টি ২০ দল বাছাই করেছেন। সেই দলে রাখেননি আইপিএলে ভাল খেলা রিঙ্কু সিংকে। তার মানে বিতর্ক দিয়েই যাত্রা শুরু করলেন এই নামী পেসার।