CESC-র নামে ফোনে প্রতারণার ফাঁদে পড়ে ১ লক্ষ টাকা হারালেন কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। কোনও লিঙ্কে ক্লিক না করেও কীভাবে উধাও হল টাকা, উঠছে প্রশ্ন।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 16 October 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল মেটাতে গিয়ে মাথায় হাত এক অবসরপ্রাপ্ত পুরকর্মীর। CESC-র নামে প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ১ লক্ষ টাকা খোয়ালেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে।
প্রতারণার শিকার হয়েছেন ষাটোর্ধ্ব রানা বসু রায়চৌধুরী, কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। কয়েকদিন আগে তাঁর মোবাইলে ফোন আসে, অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে সিইএসসি-র অফিসার বলে পরিচয় দেন। কড়া গলায় জানানো হয়, রানাবাবু নাকি পেমেন্ট আপডেট করেননি, বছরে একবার আপডেট বাধ্যতামূলক। সে কারণে তাঁর শেষ দেওয়া বিল রিসিভ হয়নি।
এরপর ফোনে ওই ব্যক্তি তাঁকে নির্দেশ দেন, গুগল পে অ্যাকাউন্ট চেক করতে, বলা হয়, 'CESC-র তরফে টাকা ফেরত পাঠানো হচ্ছে, সেটা পেয়ে আবার পেমেন্ট করুন।'
রানাবাবু সেই নির্দেশ মতো গুগল পে খুলে দেখেন, কোনও টাকা আসেনি। তবে তাঁর মোবাইল স্ক্রিনে 'CESC updating' লেখা ভেসে ওঠে প্রায় দেড় মিনিটের মতো। কিছুটা অস্বস্তি বোধ করে তিনি ফোন কেটে দেন। কিন্তু ততক্ষণে সর্বনাশ! নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে প্রায় ১ লক্ষ টাকা।
অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি জানান, তিনি কোনও পাসওয়ার্ড, ওটিপি বা অ্যাপ ডাউনলোডের অনুমতি দেননি। তা সত্ত্বেও কীভাবে টাকা উধাও হল, তা বুঝে উঠতে পারছেন না। ঘটনায় তিনি ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন।
একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কোনও লিঙ্কে ক্লিক না করেই কীভাবে এমন প্রতারণা সম্ভব! সাইবার বিশেষজ্ঞদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের ফোনকল বা মেসেজ এলে একটিবারও বিশ্বাস করবেন না। সরকারি সংস্থা, বিদ্যুৎ বা গ্যাস দফতরের নামে কেউ লিঙ্ক পাঠালে বা কোনও ফাইল ডাউনলোড করতে বললে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। কারণ একবার ভুল করলেই সর্বনাশ অনিবার্য।